১০৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজীর পশ্চিম চরবেশ (চর ইঞ্জিমান) গ্রামের কৃষক আবু আহম্মদসহ কয়েক ব্যক্তি গত সোমবার সকালে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় চা-দোকানে। ভোট নিয়ে কী ভাবছেন জানতে চাইলে সবাই একই সুরে জানান, দলের কর্মীরা আর মেম্বর সাহেব ভোটের কথা বলছেন। কিন্তু প্রার্থীর দেখা এখনো মেলেনি। তাঁদের মন্তব্য, শক্তিশালী বিরোধী দল না থাকলে ভোট জমে না। খুব বেশি মানুষ ভোটকেন্দ্রে যাবেন বলেও মনে হয় না।
খোঁজ নিয়ে জানা যায়, ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) বেশির ভাগ এলাকায় ভোটের চিত্র অনেকটা এমনই। তবে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মতে, অবস্থার পরিবর্তন হচ্ছে। ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দেন, সে লক্ষ্যে কাজ করছেন তাঁরা। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির রিন্টু আনোয়ার (লাঙ্গল) এবং স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের নেতা রহিম উল্লাহ (হরিণ)।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতিমধ্যে প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট লোকবল নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণ শেষ হয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও পুরো নির্বাচনী এলাকার ১২২টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, এ আসনে মোট ভোটার তিন লাখ ৩১ হাজার তিনজন। এর মধ্যে সোনাগাজীতে এক লাখ ৬৮ হাজার ১৭৩ জন এবং দাগনভূঞায় এক লাখ ৬২ হাজার ৮৩০ জন। সোনাগাজীতে ৬০টি, দাগনভূঞায় ৬২টিসহ মোট ভোটকেন্দ্র রয়েছে ১২২টি। এর মধ্যে ১০৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ জন সদস্য নিয়োজিত থাকবেন। তাঁদের মধ্যে থাকবেন পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশের সদস্য।
এ ছাড়া প্রতিটি ইউনিয়নে দুটি, প্রতি থানায় একটি করে পুলিশের স্টাইকিং ফোর্স ও প্রতি থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ভ্রাম্যমাণ ফোর্স হিসেবে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।
বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম থেকে রহিম উল্লাহ আওয়ামী লীগ-সমর্থিতদের একাংশকে নিয়ে প্রচারণা শুরু করেন। এত দিন তৎপরতা কম থাকলেও গত কয়েক দিন তাঁরা হরিণ মার্কা পোস্টার নিয়ে মাইকিং ও গণসংযোগ করছেন।