১১,২৮৩ ফুট উচ্চতায় তিন সাইবার ক্যাফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম ২০০৪ সালের মে মাসে নেপালের এভারেস্ট বেসক্যাম্প পর্যন্ত ট্রেকিং করতে গিয়েছিলেন। বেসক্যাম্পের ট্রেইলে ১১ হাজার ফুট উচ্চতায় তিনটি সাইবার ক্যাফে দেখতে পান তিনি। বিষয়টি নিয়ে সেখান থেকে তাঁর পাঠানো প্রতিবেদন ছাপা হয়েছিল ২০০৪ সালের ১৪ মে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিনে, এখানে সেই লেখাটি পুনর্মুদ্রণ করা হলো।পৃথিবীর সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্টে ওঠার যে পথ (ট্রেইল), তাতেও গড়ে উঠেছে সাইবার ক্যাফে। আর এগুলো পৃথিবীর সর্বোচ্চ অবস্থানে থাকা সাইবার ক্যাফের মর্যাদা পেয়েছে। এভারেস্ট ট্রেইলের ১১ হাজার ২৮৩ ফুট উঁচুতে অবস্থিত নামছে বাজারে আছে তিনটি সাইবার ক্যাফে। উচ্চতার দিক থেকে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ জায়গায় এগুলোর অবস্থান।নামছে বাজারে ইন্টারনেটে যোগাযোগের মাধ্যম হিসেবে এখন আছে তিনটি সাইবার ক্যাফে— ক্যাফে ডানফে, নামছে টেকনিক্যাল সাপোর্ট এবং খুমবু সাইবার ক্যাফে। এর মধ্যে প্রথম দুটি ক্যাফে যৌথভাবে ভিস্যাট সংযোগ নিয়েছে এবং খুমবুর নিজস্ব ভিস্যাট রয়েছে।ক্যাফে ড্যানফের স্বত্বাধিকারী সুমন লামা জানালেন, তিনি ১৯৯৮ সালে নামছে বাজারে প্রথম সাইবার ক্যাফেটি তিনি চালু করেন। তখন অবশ্য খুব ধীরগতির ইন্টারনেট সংযোগ ছিল এখানে। ২০০০ সালে অন্য দুটি সাইবার ক্যাফে চালু হয়।গতকাল বৃহস্পতিবার নামছে বাজারের তিনটি ক্যাফেতে গিয়ে দেখা গেল এদের এখানে ৯২ কেবিপিএস গতির ইন্টারনেট সংযোগ রয়েছে। প্রতিটি ক্যাফেতে প্রতি মিনিটে ইন্টারনেট ব্যবহারের খরচ ১৫ নেপালি রুপি। পাঁচটি থেকে ছয়টি করে কম্পিউটার রয়েছে ক্যাফেগুলোতে। এসবে অনলাইন বা অফলাইন দুভাবেই ইন্টারনেট ব্যবহার করা যায়। ইন্টারনেট থেকে কোনোকিছু সংগ্রহ করা, সিডিতে কপি করা, ছবি স্ক্যান করা ইত্যাদি সুবিধাও রয়েছে। ড্যানফে ক্যাফেতে বিনা মূল্যে প্রিন্ট-আউট নেওয়া যায়। অন্য দুই জায়গায় প্রতি পৃষ্ঠার জন্য খরচ ৫০ নেপালি রুপি। সুমন লামা আরও জানান, বছরের দুই মৌসুম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এপ্রিল থেকে জুন মাসে প্রতিদিন প্রায় ৫০ জন করে ইন্টারনেট ব্যবহারকারী পাওয়া যায়। এসব সাইবার ক্যাফের স্বত্বাধিকারী জানান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ভিস্যাটসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি হেলিকপ্টারে করে আনা হয়েছে। সাইবার ক্যাফে ছাড়া নামছে বাজারে টেলিফোনসুবিধাও আছে। প্রতি মিনিট ১৫০ নেপালি রুপি দিয়ে ফোন করা যায়। মুসা ইব্রাহীম, নামছে বাজার, এভারেস্ট ট্রেইল (নেপাল) থেকে