চকরিয়ার জনতা মার্কেট-বেতুয়া বাজার-বাঘগুজারা সড়ক
১১ কিলোমিটার সড়কের ২২ স্থানে ভাঙা, বন্ধ যানবাহন চলাচল

কক্সবাজারের চকরিয়ার জনতা মার্কেট-বেতুয়া বাজার-বাঘগুজারা সড়কের দৈর্ঘ্য ১১ কিলোমিটার। এই সড়কের ২২ স্থানে ভেঙে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। দুর্ভোগ পোহাচ্ছে চকরিয়া পৌরসভা, বিএমচর, পূর্ব বড় ভেওলা ও কোনাখালী ইউনিয়নের অন্তত দেড় লাখ মানুষ।
সরেজিমনে দেখা যায়, সড়কের চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকায় প্রায় দেড় শ ফুট সড়ক ভেঙে খাদে পরিণত হয়েছে। গ্রামের লোকজন ভাঙা সড়কের পাশে বালুর বস্তা দিয়ে বিকল্প সড়ক তৈরি করে চলাচল করছে। আরেকটু পশ্চিমে নুরু বাপেরপাড়া এলাকায় সড়কের অন্তত ৭৫ ফুট ভেঙে বড় খাদে পরিণত হয়েছে। ভাঙা স্থানে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। একই এলাকায় আরও একটি স্থানেও খাদ রয়েছে।
এ ছাড়া বিএমচর ইউনিয়নের স্কুলমুরা স্টেশনের পশ্চিম পাশের দুটি স্থানে এবং কোনাখালী ইউনিয়নের মরংঘোনায় পাঁচ ও পুরিত্যাখালীর ১২ স্থানে সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তরছপাড়া এলাকার বাসিন্দা শফিউল আলম, আবদুল মান্নান ও মো. আনোয়ার হোসেন বলেন, ২০১২ সালে বন্যায় সড়কের তরছপাড়া অংশ ভেঙে গিয়েছিল। তখন ৪৪ লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও সাম্প্রতিক সময়ের বন্যায় আবারও ভেঙে গেছে। এখন গাড়ি বন্ধ থাকায় হেঁটে চলাচল করতে হচ্ছে। বৃষ্টি হলে কষ্ট বাড়ে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চকরিয়া কার্যালয় সূত্র জানায়, সড়কটি ১১ কিলোমিটার দীর্ঘ। এ সড়কের পুরোটাই পিচ ঢালাই। ২০১২ সালের বন্যায় কিছু স্থানে ভেঙে যাওয়ার পর ইটের খোয়া দিয়ে মেরামত করা হয়। সাম্প্রতিক সময়ের দুই দফা বন্যায় পুরো সড়কটির ২২ স্থানে ভেঙে গেছে।
সড়কে নিয়মিত চলাচলকারী আটোরিকশাচালক মোহাম্মদ হাসনাত বলেন, চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট থেকে বিএমচর ইউনিয়নের স্কুলমুরা স্টেশন পর্যন্ত কোনোমতে ছোট যানবাহন চলাচল করছে। এর পরের অংশে গাড়ি চালানো সম্ভব হয়। কয়েক ফুট পরপরই বড় বড় ভাঙা। বর্তমানে বিএমচর ইউনিয়নের পশ্চিম অংশের অন্তত আট গ্রাম ও কোনাখালী ইউনিয়নের বাসিন্দারা হেঁটেই চলাচল করছে।
বিএমচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউল আলম জানান, তাঁর ইউনিয়নের অন্তত ৪০ হাজার বাসিন্দার চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক। সাম্প্রতিক সময়ের বন্যায় সড়কটি লন্ডভন্ড হয়ে গেছে।
সওজ বিভাগের চকরিয়ার উপপ্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম বলেন, জনতা মার্কেট-বেতুয়া বাজার-বাঘগুজারা সড়কের ১১ কিলোমিটারই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি সংস্কার করতে সম্প্রতি ৫০ লাখ টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু হবে। তিনি আরও বলেন, এই টাকা দিয়ে পুরো সড়ক সংস্কার করা সম্ভব নয়। একসঙ্গে পুরো সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হলে বরাদ্দ নাও মিলতে পারে। এ জন্য ৫০ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।