ভাস্কর্যগুলোতে চোখ পড়তেই চোখ যেন কপালে উঠে গেল! ১১ সদস্যের একটি দল যেন দাঁড়িয়ে আছে সেখানে। যে দলটির নাম বাংলাদেশ।বাঁ হাতে হেলমেট আর ডান হাতে ব্যাট তুলে দাঁড়িয়ে আছে আশরাফুল। ঠিক যে ভঙ্গিটি ছিল বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের খেতাব পাওয়ার পর। মুশফিকুর রহিমের হাতে ক্যাচটি বলে দিচ্ছে প্রতিপক্ষের উইকেট এক্ষুনি তেড়েফুঁড়ে দেবেন তিনি, আর তাই তো সাকিব আল হাসান আপিল করছেন আত্মবিশ্বাসী ভঙ্গিতে। আর আবদুুর রাজ্জাকের উইকেট পাওয়ার পর সে কী উল্লাস। ব্যাটিংয়েও পিছিয়ে নেই বাঘা বাঙালিরা। ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস কিংবা নাঈম ইসলাম সবাই ব্যাটিংয়ের লড়াকু ভঙ্গিতে আছেন। যেন ৬-৪ নিশ্চিত। ফিল্ডার জুনায়েদ সিদ্দিক ও সোহরাওয়ার্দী শুভ বল ধরতে ভুল করেননি। পেস বলার মাশরাফি আছেন অ্যাকশনে।‘সবার ওপর অতিথি, তার ওপরে বিশ্বকাপ’। নিজের দেশের মাটিতে তাদের স্বাগত জানাতেই শহরটিকে সাজানো হচ্ছে মনমাতানো সাজে। চট্টগ্রাম সিটি করপোরেশনের আহ্বানে বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা হচ্ছে ১১ জন ক্রিকেটারের প্রতিকৃতি। শিল্পী ইউসুফ আলী খানের নকশায় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৩ জন শিক্ষার্থী তৈরি করেছেন এ ভাস্কর্যগুলো। ভাস্কর্যে প্রতিটি খেলোয়াড়ের যে অবস্থান দেওয়া হয়েছে, সবাই যদি এভাবে নিজের মেধাকে মেলে ধরতে পারেন, তবে জয় হবেই। বললেন ইউসুফ আলী খান। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আবাসিক হল এফ রহমানের শাহনেওয়াজ ভবন মাঠেই তৈরি করা হয়েছে বাস্তবাকার এ ভাস্কর্যগুলো। এখানেই দেখা হলো চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী শ্যামল, শুভ্র, সুমন, নাসির, আবির, মনীন্দ্র রামিজ, শিপন, অন্ত ও সাপু ত্রিপুরার সঙ্গে। গল্পে গল্পে জানা গেল তাঁদের এই কদিনের অভিজ্ঞতা। জাতীয় দল ঘোষণার পর ২১ দিনের চ্যালেঞ্জে তাঁরা এই প্রতিকৃতিগুলো তৈরি করেছেন। ১৩ সদস্যের দুর্দান্ত এই ভাস্কর্য দলের অধিনায়ক শ্যামল সরকার ক্রিকেটে তাঁর জ্ঞান যৎসামান্য হলেও সুনিপুণ ভাস্কর্য তৈরিতে তিনি প্রশংসার দাবিদার। শ্যামল সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে একটি ভাস্কর্য তৈরি করতে সময় প্রয়োজন এক মাস, সেখানে মাত্র ২১ দিনেই তাঁদের কাজটি শেষ করতে হয়েছে। বাংলাদেশিরা যে ক্রিকেট কত ভালোবাসে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই দিন-রাত কাজ করে যাচ্ছেন তাঁরা। তিনি আরও বলেন, ‘জাতীয় দলের ১৫ সদস্যের দল ঘোষণায় মাশরাফি না থাকলেও্রভক্তদের ভালোবাসার কারণেই তাঁর ভাস্কর্যে বাদ পড়েনন্রিমাশরাফি। জাতীয় দল থেকে মাশরাফির বাদ পড়ার হতাশাকে মেনে নিলেও আমাদের ভাস্কর্যে মাশরাফিকে বাদ পড়তে দিইনি।’ বললেন নড়াইলের ছেলে আল নাসির। স্নাতকোত্তর প্রথম পর্বের শিক্ষার্থী শুভ্র করৈ, শিমুল দত্ত, শাপু ত্রিপুরাদের চলছে বর্ষ সমাপনী পরীক্ষা। দিনে ক্লাস শেষে সারা রাত কাজ করে যাচ্ছেন তাঁরা। এ দলের সর্বকনিষ্ঠ সদস্য প্রথম বর্ষের শিক্ষার্থী রমিজ। ছোটবেলা থেকেই ক্রিকেটের মহাভক্ত। ‘নিজের দেশেই যখন বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন, তখন একজন শিল্পী হিসেবে নিজের জায়গা থেকে যে বিশ্বকাপে অংশ নিতে পারছি, বিষয়টি আমার কাছে স্বপ্ন পূরণের মতো।’ রমিজের কথাকে সমর্থন করলেন অন্তু মোদক। তিনি বললেন, ‘দেশের মাটিতে বিশ্বকাপ বলেই বিপুল প্রত্যাশা নিয়ে এসেছে এবারের বিশ্বকাপ। আর এ প্রত্যাশাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করেছি ক্রিকেটারদের উৎসাহ ও মনোবলকে আরও অনেক বাড়িয়ে দেওয়ার।’ক্রিকেটারদের প্রতিকৃতি ছাড়াও রয়েছে দুটো বাঘের ভাস্কর্য। ‘বাঘ আমাদের জাতীয় দলের প্রতীক এবং আমাদের দামাল ছেলেদের বাঘের সঙ্গেই তুলনা করা হয়, তাই চট্টগ্রাম স্টিডিয়ামের সামনে তিনটি বাঘের ভাস্কর্য স্থাপন করা হবে।’ ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মানবেন্দ্র ঘোষ ও দীপক সরকার তৈরি করছেন এ ভাস্কর্যগুলো। জানা গেল, রয়েল বেঙ্গল টাইগারের এ ভাস্কর্য বিশ্বের সবচেয়ে বড় বাঘের ভাস্কর্য।