কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য বিমোহিত করে যেকোনো পর্যটককে। কিন্তু সৌন্দর্যের মধ্যে রয়েছে দ্বীপবাসীর চাপা কান্না—কলঙ্ক হয়ে আছে ‘ক্রাইম জোনের কুখ্যাতি’। দ্বীপের প্রায় চার লাখ মানুষের মনে শান্তি নেই। চারদিকে সন্ত্রাসীদের উৎপাত। কথায় কথায় চলে গুলি, হামলা আর মামলা।পুলিশ সূত্র জানায়, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ দেয় মহেশখালীর ১১টি দুর্গম পাহাড়ে গড়ে ওঠা ২৯টি অস্ত্র তৈরির কারখানা। আগে এ সংখ্যা আরও বেশি ছিল। গত আড়াই বছরে নয়টি কারখানা উচ্ছেদ করে পুলিশ-র্যাব। স্থানীয় লোকজন জানান, সন্ত্রাসীদের কাছে জনপ্রতিনিধিরা পর্যন্ত জিম্মি। তাঁদের কেউ সন্ত্রাসী বাহিনীর জন্মদাতা, কেউ আশ্রয়-প্রশ্রয়দাতা, আবার কেউ ওদের গডফাদার।পুলিশের এক কর্মকর্তা বলেন, এখানকার পাহাড়ের যে দুরবস্থা, ২৯টি কেন ৫০০টি ভ্রাম্যমাণ কারখানা স্থাপন করা হলেও করার কিছুই থাকবে না। পুলিশ পাহাড়ের একদিক থেকে তাড়ালে সন্ত্রাসী এবং অস্ত্র তৈরির কারিগরেরা আরেক দিক থেকে বেরিয়ে যায়। কয়েক দিক থেকে ধাওয়া করলে নেমে পড়ে সাগরে। সাগর, পাহাড়, নদী, জঙ্গল মিলে এক ভয়ংকর এলাকা মহেশখালী। জনপ্রতিনিধিরা অপরাধীদের লালনপালন করেন বলে পুলিশও তেমন কিছু করতে পারছে না। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া পাহাড়ে চারটি, পাশের দেবাঙ্গীর পাহাড়ে দুটি, আধঘোনা পাহাড়ে একটি, হোয়ানক ইউনিয়নের লোহাগাড়া পাহাড়ে দুটি, কালারমারছড়ার ভাঙ্গামুরা পাহাড়ে তিনটি, ইউনুস খালীর ধুয়াছড়ি পাহাড়ে তিনটি, বড় মহেশখালীর মুন্সিরডেইল পাহাড়ে তিনটি, দেবাইঙ্গাপাড়া, বড়ডেইল, শুকরিয়াপাড়া, ফুড়িরঝিড়ি পাহাড়ে সাতটি, শিয়াপাড়া, ভারুইতলী পাহাড়ে দুটি, চোলাই পাহাড় ও পানিরছড়া পাহাড়ে রয়েছে তিনটি কারখানা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, দুই মাস আগে এই কারখানার সংখ্যা আরও ১০টি বেশি ছিল। র্যাব-পুলিশের সাঁড়াশি অভিযানে ভ্রাম্যমাণ বেশ কিছু কারখানা গুটিয়ে নিয়ে সন্ত্রাসীরা সাগরে নেমে পড়ে। সেখানে চোরাচালানের জাহাজ ও মাছ ধরার ট্রলারে লুটপাট চালিয়ে দস্যুরা সংসার চালাচ্ছে। ১৮ জানুয়ারি সকালে সন্ত্রাসীদের গুলিতে মহেশখালী থানার উপপরিদর্শক পরেশ কুমার কার্বারির মৃত্যু হলে অন্য সন্ত্রাসীরাও গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করে। এ কারণে আরও ১০-১২টি ভ্রাম্যমাণ কারখানা দুর্গম পাহাড়ে সরিয়ে রাখা হয় বলে জানা গেছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, পুলিশ কর্মকর্তা পরেশ হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। তারপরও পুলিশ বসে নেই। গহিন বন জঙ্গল থেকে শুরু করে সাগর উপকূলের বিভিন্ন আস্তানায় হানা দিচ্ছে। দুর্গম পাহাড়ে স্থাপিত ভ্রাম্যমাণ অস্ত্র তৈরির কারখানাগুলো উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে পরেশ হত্যা মামলার তালিকাভুক্ত ছয়জন সন্ত্রাসী ও হত্যাকাণ্ডে ব্যবহূত গুলিসহ দুটি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। অস্ত্র তৈরির ৬৬ কারিগর :পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালারমারছড়ার বিভিন্ন পাহাড়ে অস্ত্র তৈরির চারটি কারখানা নিয়ন্ত্রণ করছেন স্থানীয় অফিসপাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদের চার ছেলে আবু তাহের, আবদুল মজিদ, ফরিদুল আলম ও ভুঁতাইয়াসহ ১৪ কারিগর। এঁরা সবাই অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। পাশের পানিরছড়া পাহাড়ে স্থাপিত তিনটি কারখানা নিয়ন্ত্রণ করে অস্ত্র তৈরির আরেক কারিগর বড় মহেশখালী ইউনিয়নের শাহাব মিয়া। এসব কারখানায় কারিগর রয়েছে হোয়ানকের কুখ্যাত ডাকাত আবু শামা, তাঁর দুই ছেলে মোস্তাক ও মোস্তাফিজুর রহমানসহ ১১ জন। আবু সামা দুটি অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মোস্তাক ও মোস্তাফিজের বিরুদ্ধেও রয়েছে মহেশখালী থানায় নয়টি অস্ত্র মামলা। এ রকম আরও কয়েকটি কারখানা অস্ত্র তৈরির কারিগর রয়েছে আরও ৪১ জন। বর্তমানে মহেশখালীর অন্তত ১০টি সন্ত্রাসী ও সাতটি জলদস্যু বাহিনীর ছয় শতাধিক সন্ত্রাসীর হাতে ১০টির বেশি ভারী অস্ত্র একে-৪৭, এম-১৬, জি-থ্রি রাইফেলসহ পাঁচ শতাধিক অবৈধ অস্ত্র রয়েছে। সূত্র আরও জানায়, ২০০২ সালের নভেম্বর মাসে পরিচালিত ক্লিনহার্ট অপারেশনের সময় এই উপজেলা থেকে ২৫টি ভারী অস্ত্র একে-৪৭, এম-১৬, জি-থ্রি রাইফেলসহ প্রায় ৩৭০টি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছিল। এ ছাড়া ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি থেকে টানা কয়েকদিন নৌবাহিনী ও পুলিশ মহেশখালীতে সাঁড়াশি অভিযান চালিয়ে ছয়টি সন্ত্রাসী বাহিনীর ৮৪টি অবৈধ অস্ত্রসহ ১১৮ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল। এ সময় পাহাড়ে স্থাপিত পাঁচটি কারখানা উচ্ছেদ করা হয়।মহেশখালীর অস্ত্র সবখানে :হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিকদার জানান, উপজেলার কয়েকটি সন্ত্রাসী বাহিনীর হাতে ভারী অস্ত্র একে-৪৭, এম-১৬ রাইফেলসহ কয়েক হাজার অবৈধ অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দিয়ে চাঁদাবাজি, খুন-খারাবি, হামলা, ধর্ষণ ও সাগরে দস্যুতা চলছে। পাহাড়ে তৈরি অবৈধ অস্ত্র চলে যাচ্ছে জেলার বিভিন্ন স্থানে। ফলে বাড়ছে চুরি ডাকাতি থেকে শুরু করে নানা অপরাধ। সূত্র জানায়, গত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের সময় মহেশখালী থেকে ১০ হাজারের বেশি অস্ত্র সংগ্রহ করে টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়াসহ জেলার বিভিন্ন স্থানের সন্ত্রাসীরা। মহেশখালীর পাহাড়ে তৈরি এই অস্ত্র বিক্রি হয় ৫০০ থেকে তিন হাজার টাকায়। সূত্র জানায়, মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গারাও ডাকাতিসহ নানা অপকর্মে মহেশখালীতে তৈরি অবৈধ অস্ত্র ব্যবহার করছে। অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে অনেকে ধরাও পড়ছে।গত বছরের ১৪ অক্টোবর টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিনটি অস্ত্রসহ নুর আয়েশা (২০) নামের এক মহিলাকে গ্রেপ্তার করে। তিনি ওই শরণার্থী শিবিরের বাসিন্দ মো. শাহীনের স্ত্রী। এ সময় আয়েশার স্বামী শাহীনসহ ১০-১২ রোহিঙ্গা ডাকাত পালিয়ে আত্মগোপন করেন। অভিযানে নেতৃত্বদানকারী আনসার দলের প্লাটুন কমান্ডার সামশুল আলম জানান, অবৈধ অস্ত্রগুলো মহেশখালী থেকে সংগ্রহ করা হয়েছিল। সমপ্রতি বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী গ্রামে রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয় এক ব্যক্তি নিহত হন। আড়াই বছরে উচ্ছেদ নয়টি কারখানা : পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আড়াই (২০০৯ আগস্ট ২০১১ এপ্রিল) বছরে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন পাহাড়ে স্থাপিত নয়টি অস্ত্র তৈরির কারখানা উচ্ছেদ করে। এর মধ্যে উপজেলার বড়মহেশখালী থেকে তিনটি, হোয়ানক থেকে দুটি, ছোট মহেশখালী থেকে একটি, ও শাপলাপুর থেকে একটি ও কালারমার ছড়া থেকে দুটি কারখানা উচ্ছেদ করা হয়। এর সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, পাহাড়ের অন্যান্য কারখানা গুলোও উচ্ছেদের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, অল্প টাকা দিয়েই মহেশখালীতে হাতে তৈরি কাটা বন্দুক, এলজি পাওয়া যাচ্ছে। এসব অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সাগর, সড়ক ও উপকূলে ডাকাতি চালাচ্ছে। চিংড়িঘের, লবণমাঠ দখল ও চাঁদাবাজিতে সন্ত্রাসীরা এসব অস্ত্র ব্যবহার করছে। (প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান)