মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি-সমর্থিত এবং ‘বিদ্রোহী’ ১১ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে রয়েছে ২২ মামলা। এর মধ্যে বিএনপি ও তাদের ১৯-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের সাত নেতার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। আর আওয়ামী লীগের চার প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা। উপজেলা নির্বাচন কার্যালয়ে দেওয়া হলফনামায় এসব মামলার কথা উল্লেখ করেছেন প্রার্থীরা।
জামায়াতের তিন নেতার বিরুদ্ধে নয় মামলা: জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জাবের আহমদ চৌধুরীর বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহের মামলা কক্সবাজার দায়রা ও জজ আদালতে চার্জ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে। উপজেলা জামায়াতের দক্ষিণের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকের হোসাইনের নামে রয়েছে ছয়টি মামলা। তার মধ্যে একটি রাষ্ট্রদ্রোহিতা, একটি বিস্ফোরক দ্রব্য আইনে ও চারটি মারামারির। এর মধ্যে মারামারির একটি মামলা আদালতে বিচারাধীন থাকলেও রাষ্ট্রদ্রোহিতা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অপর পাঁচটি মামলার তদন্ত চলছে। এ ছাড়া জামায়াতের সমর্থক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহির উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যাসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিএনপির চার প্রার্থীর বিরুদ্ধে সাত মামলা: মহেশখালী পৌর বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে বন আইনে একটি মামলা রয়েছে। এটি বর্তমানে বিচারাধীন। উপজেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা। তার মধ্যে একটি বন আইনে ও দুটি চাঁদাবাজির। মামলা তিনটি আদালতে চার্জ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেবের বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিএনপি সমর্থক ভাইস চেয়ারম্যান হাসান রাশেলের বিরুদ্ধেও একটি মারামারির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আ. লীগের চার নেতার বিরুদ্ধে ছয় মামলা: উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহিমের বিরুদ্ধে রয়েছে একটি মারামারি মামলা। এটি আদালতে চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী সরওয়ার আজমের বিরুদ্ধে রয়েছে দুটি হত্যা ও একটি ডাকাতির মামলা। মামলা তিনটি আদালতে বিচারাধীন। আওয়ামী লীগ সমর্থক আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোছাইন মোহাম্মদ আল নোমান শরীফের একটি মারামারির মামলা আদালতে চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলমের একটি হত্যা মামলা আদালতে বিচারাধীন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বেশির ভাগ প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকলেও তাঁরা আদালত থেকে জামিনে রয়েছেন।