১১ ফেব্রুয়ারি থেকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১১ ফেব্রুয়ারি থেকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। ৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা যাচাই-বাছাই কমিটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
যাচাই-বাছাই কমিটি সদস্যরা জানান, ১১ ফেব্রুয়ারি থেকে পৌরসভা ও ২২ ইউনিয়নের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তি হওয়ার আবেদনকৃত ব্যক্তিদের যাচাই-বাছাই পর্যায়ক্রম আট দিনের মধ্যে সম্পন্ন করা হবে। প্রথম দিন বেলা তিনটা থেকে এবং পরদিন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এলাকাভিত্তিক প্রতিদিন মাইকিংও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি শামসুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনলাইনে করা এ পর্যন্ত সাত শ আবেদন আমরা হাতে পেয়েছি। সঠিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ তালিকা থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাছাই করে নেওয়া হবে। এতে কোনো অবস্থায় যেন ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হতে না পারে সেই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
শামসুল ইসলাম আরও বলেন, যাচাই-বাছাইয়ের সময় কোনো ভুলত্রুটি চোখে পড়লে তা সংবাদমাধ্যমে প্রকাশ করার পূর্বে তাঁদের যেন অবহিত করা হয় সে ব্যাপারে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে যাচাই-বাছাইয়ের সময় সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ করেন তিনি।
বাছাই কমিটির সদস্যসচিব, পটিয়া সহকারী কমিশনার (ভূমি) আ ন ম বদরুদ্দোজা বলেন, সরকারি নির্দেশ মোতাবেক আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাত সদস্যবিশিষ্ট কমিটির সদস্য আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য মোহাম্মদ বদিউজ্জামান, আহমদ নবী ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।