১১ বছর ধরে অকেজো সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রের জেনারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের প্রায় চার লাখ মানুষের ভরসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটি (হেলথ কমপ্লেক্স) লোডশেডিংয়ের কারণে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অন্ধকারে ডুবে যায়। হাসপাতালটি চালু হওয়ার পর থেকে এখানকার জেনারেটরটি বন্ধ রয়েছে। তেলের জন্য অর্থবরাদ্দ না থাকা এবং সামান্য মেরামতের অভাবে জেনারেটরটি এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ফলে জরুরি চিকিৎসাসহ অস্ত্রোপচারে সমস্যা দেখা দেয়। অন্যদিকে গরম আর অন্ধকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ৩১ শয্যার সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রটি চালুর সময় থেকেই এখানে একটি জেনারেটর দেওয়া হয়। কিন্তু ১১ বছর ধরে তা বিকল অবস্থায় পড়ে আছে। ফলে বিদ্যুৎ না থাকলে জরুরি অস্ত্রোপচার বন্ধ থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘তেলের পর্যাপ্ত বরাদ্দ না থাকা এবং সামান্য মেরামতের অভাবে জেনারেটরটি এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এ নিয়ে আমাদের স্থানীয় লোকজনের তোপের মুখে পড়তে হয়।’ স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, হাসপাতালের নিজস্ব একটি আইপিএস আছে। স্বল্পক্ষমতার ওই আইপিএস দিয়ে মাত্র চার-পাঁচটি বাল্ব জ্বলে। তা-ও শুধু চিকিৎসকদের কক্ষে জ্বালানো হয়। রোগীরা জানান, সন্ধ্যা-রাতে বিদ্যুৎ চলে গেলে প্রয়োজনে কক্ষের ভেতরও চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে রোগীরা মোমবাতি কিনে কিংবা বাড়ি থেকে হারিকেন এনে ব্যবহার করেন।এখানে চিকিৎসাধীন আবুল হোসেন জানান, ‘লোডশেডিংয়ের কারণে দিন-রাত মিলে দু-তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ চলে গেলে রাতে অন্ধকারে অসহ্য গরমে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। জরুরি প্রযোজনে শৌচাগারে গেলে মোমবাতি নিয়ে যেতে হয়।’ চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘জেনারেটরটি মেরামত ও জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’