১১ বছর পর আবার ঘোড়দৌড় মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১১ বছর বন্ধ থাকার পর চকরিয়ার কাকারায় শুরু হয়েছে ঘোড়দৌড়ের মেলা। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে শতবর্ষী এই মেলা বন্ধ করে দিয়েছিল। গত রোববার ১ জানুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মেলা শুরু হয়। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।নাম ঘোড়দৌড়ের মেলা হলেও এখন আর ঘোড়দৌড় হয় না এই মেলায়। সর্বশেষ ঘোড়দৌড় হয়েছিল ১৯৯২ সালে। এখন সার্কাসসহ বিভিন্ন ধরনের গ্রামীণ খেলার টানে গ্রামবাসী মেলায় আসেন। পাশাপাশি নানা রকমের মিঠাই-মণ্ডা, কদমা, বাতাসা ও জিলাপির জন্য এই মেলা বিখ্যাত। মেলায় বিক্রি হয় মাটির কলসি, হাঁড়ি-পাতিল, পুতুল, ফুলের টব, দা, খুন্তি, লাঙ্গল, পাটিসহ বিভিন্ন ধরনের গ্রামীণ হস্তশিল্প। স্থানীয় জমিদার মৌলভী বদিউজ্জামান ১৯০৪ সালে এই ঘোড়দৌড় মেলার প্রবর্তন করেন। পৌষ মাসে এই মেলা অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ। কৃষক, কামার, কুমার ও তাঁতিরা তাঁদের তৈরি জিনিসপত্র নিয়ে হাজির হন এই মেলায়। এ জন্য তাঁরা সারা বছর মেলার দিকে তাকিয়ে থাকেন।ঐতিহ্যবাহী এই মেলা স্থানীয় লোকজনের কাছে বড় উৎসবের উপলক্ষ। মেয়েকে ঘৌড়দৌড়ের মেলার সময় অবশ্যই নাইয়র পাঠাতে হবে—কাকারা এলাকার কোনো লোক মেয়ে বিয়ে দেওয়ার সময় কাবিননামায় এমন শর্তজুড়ে দিতেন বলে লোকমুখে শোনা যায়। এবার মেলার শুরুর দিনই ছিল লোকে-লোকারণ্য। পর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এসেছেন মেলা উপলক্ষে।গত মঙ্গলবার দুপুরে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলা উপলক্ষে বসেছে আট শতাধিক ছোট-বড় দোকান। দূরদূরান্ত থেকেও লোকজন এসেছেন। কেউ নিজের তৈরি জিনিসপত্র বিক্রি করছেন, আর কেউবা প্রয়োজনীয় জিনিসটি কিনে নিচ্ছেন।কাকারা ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন ও আনোয়ার হোসেন বলেন, ‘ঘোড়দৌড় মেলা দেখার জন্য প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা বন্ধ করে দেয়। মেলার জমিটি স্থানীয় তামাক খেতের লোকজন দখল করে নেন। পরে স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় ১১ বছর বন্ধ থাকার পর ঘোড়দৌড় মেলা আবার শুরু হয়।’ এবার মেলার প্রধান আকর্ষণ সার্কাস। ব্রাহ্মণবাড়িয়ার স্টার সার্কাসের বড় প্যান্ডেল ঘিরে উৎসুক মানুষের ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া আছে পুতুল নাচ, নাগরদোলা ও মৃত্যুকূপের খেলা। বিনোদন বঞ্চিত গ্রামাঞ্চলের মানুষজন যাতে নির্বিঘ্নে মেলায় আসতে পারেন এ জন্য মেলা কমিটি নিয়োগ করেছে একদল স্বেচ্ছাসেবক।মেলা পরিচালনা কমিটির সভাপতি মুজিবুল হক বলেন, মেলায় কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য অতিরিক্ত সেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ‘মেলায় দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য মেলা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’