১১ বছর পর চট্টগ্রাম বন্দর দিয়ে নেপালের পণ্য পরিবহন আবার শুরু
টানা ১১ বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর দিয়ে নেপালের ট্রানজিট পণ্য পরিবহন আবার শুরু হয়েছে। মরক্কো থেকে আমদানি করা এক জাহাজ ডাই এমোনিয়াম ফসফেট-ডিএপি সারবাহী জাহাজ ‘এমভি ফিশার কে’ গত ২৯ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। এই জাহাজের ১০ হাজার ৭৫০ টন নেপালের পণ্য এবং বাকিগুলো দেশীয় আমদানিকারকের বলে জানা গেছে। জাহাজটিতে মোট ৩৬ হাজার ৯০ টন ডিএপি সার রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বড় জাহাজ থেকে প্রথম দফায় দুই হাজার ৩৮৯ টন সার ছোট আকারের জাহাজে বোঝাই করে যশোরের নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়। গত শনিবার এসব পণ্যের প্রথম চালান ট্রেনে করে ভারত হয়ে নেপালের উদ্দেশে যাত্রা করে। বাকি পণ্যও নৌপথ ও রেলপথ হয়ে নেপালে যাচ্ছে বলে জাহাজের স্থানীয় প্রতিনিধি সূত্রে জানা গেছে।মরক্কো থেকে এসব পণ্য আমদানি করে নেপালের ‘এগ্রিকালচার ইমপোর্ট করপোরেশন লিমিটেড-এআইসি’।চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (পরিকল্পনা) হাদী হোসেন প্রথম আলোকে বলেন, আগেও চট্টগ্রাম বন্দর দিয়ে নেপালের পণ্য খালাস হয়েছে। বন্দরের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নেপালে পণ্য খালাসে কোনো সমস্যা হবে না। এতে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই বলে তিনি মন্তব্য করেন।নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো বন্দরের এক প্রতিবেদনে দেখা গেছে, ১৯৭৯ সালে বন্দর দিয়ে নেপালের ট্রানজিট পণ্য সরবরাহ শুরু হয়। সে বছর মাত্র সাড়ে আট হাজার টন সিমেন্ট এবং ২২৪ টন সাধারণ পণ্য পরিবহন হয়। এরপর দুই দফায় ১২ বছরের বিরতি দিয়ে ১৯৯৯ সাল পর্যন্ত নেপালের পণ্য পরিবহন হয় এ বন্দর দিয়ে।১৯৭৯ থেকে ১৯৯৯-এর মধ্যে নয় বছরে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে দুই লাখ ৮৪ হাজার ৯১৬ টন নেপালের পণ্য পরিবহন হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রস্তুত সিমেন্ট, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার, চাল, গম ও সাধারণ পণ্য। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা মনে করছেন, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নেপালের পণ্য ওঠানো-নামানো করতে কোনো সমস্যা হবে না। এর আগে সর্বশেষ ১৯৯৯ সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে নেপালের পণ্য পরিবহন করা হয়।জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, গত মাসে সানবিম-৩৪ জাহাজে করে নেপালের নয় হাজার টন সার আমদানি হলেও সরকারি অনুমোদন না পাওয়ায় বন্দরে খালাস করা যায়নি। এ কারণে সারবাহী জাহাজটি ভারতের হলদিয়া বন্দরে নিয়ে খালাস করা হয় বলে জানান জাহাজটির স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিং লিমিটেডের একজন কর্মকর্তা। এরই মধ্যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপালের ট্রানজিটের পণ্য পরিবহনের বিষয়ে গত মাসে একটি চুক্তি হয়। এই চুক্তির আওতায় ২৫ হাজার টন সার চট্টগ্রাম বন্দর দিয়ে এবং ভারত হয়ে নেপালে পাঠানোর কথা। চুক্তির আওতায় সর্বশেষ গত শনিবার থেকে নেপালি সার পরিবহন করা হচ্ছে বলে জানা গেছে।চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থবছরে বন্দরে এক হাজার ৩৩০টি বাল্ক জাহাজ থেকে দুই কোটি ৮৮ লাখ ৪২ হাজার ৩১৯ টন পণ্য খালাস হয়েছে। এসব বাল্ক জাহাজের বেশির ভাগ পণ্যই খালাস হয়েছে বহির্নোঙরে। বন্দরের জেটিতে জাহাজ ভিড়িয়েও পণ্য খালাস হয়। দেশীয় পণ্যের হারের তুলনায় নেপালের পণ্যের পরিমাণ খুব বেশি হবে না বলে জানা গেছে।