১১ বছর পর দাগনভূঞার দুই ইউপির তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ১১ বছর পর ফেনীর দাগনভূঞা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এ দুটি ইউনিয়ন হচ্ছে: রামনগর ও দাগনভূঞা সদর। গত বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদ হোসেন চৌধুরী এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ আগস্ট। ২৫ জুলাই থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। জমা দেওয়ার তারিখ ৫ আগস্ট। বাছাই ৭ আগস্ট এবং ১১ আগস্ট প্রত্যাহারের শেষ দিন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০০৩ সালের মার্চে এ দুটি ইউপির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ওই দুটি ইউনয়নের দুটি গ্রামের কিছু অংশ দাগনভূঞা পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী নির্বাচনের সময় ওই দুটি গ্রামের ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে জটিলতা দেখা দেয়। ফলে, নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ২০১৩ সালের শেষ দিকে ভোটার তালিকা হালনাগাদ করে এ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা নেই উল্লেখ করে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ঢাকায় নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়। নির্বাচন কমিশনের নির্দেশে অবশেষে এ দুটি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান ও সদস্যপদের সম্ভাব্য প্রার্থীদের নানামুখী তৎপরতা শুরু হয়েছে।
রামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসছে বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন, সাবেক সভাপতি লুৎফুল হায়দার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিদ্দিক উল্লাহের নাম।
দাগনভূঞা সদর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান এম এ হোসেন, যুবলীগ নেতা কফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা টিপু মিয়া, আবু নাছের, বিএনপি নেতা রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা এ বি এম বাহার।