লোকবল-সংকটের কারণে ব্যাহত হচ্ছে মহেশখালী পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার ৭৫টি পদের মধ্যে কর্মকর্তা-কর্মচারী আছেন মাত্র ১৯ জন। স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, স্যানেটারি পরিদর্শকের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় জোড়াতালি দিয়ে চলছে পৌরসভার কার্যক্রম।উল্লেখ্য, ২০০১ সালের ৫ জুলাই সদরের গোরকঘাটা ইউনিয়নকে বিলুপ্ত করে মহেশখালীকে পৌরসভায় রূপান্তর করা হয়। ১১ বছর পার করে ১২ বছরে পা দিলেও পৌর এলাকার প্রায় ৩৫ হাজার লোক নাগরিকসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছেনি সবার কাছে। জলাবদ্ধতা এখনো বড় সমস্যা রয়ে গেছে। নেই বাস টার্মিনাল, উদ্যান ও গণশৌচাগার। পৌরসভার কার্যক্রমের এই ধীরগতির পেছনে লোকবল-সংকটকেই দায়ী করেছেন নাগরিকেরা।পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব বলেন, ‘পৌরসভা প্রতিষ্ঠার ১১ বছর পেরিয়ে গেলেও নাগরিকেরা ন্যূনতম নাগরিকসুবিধা পাননি। রাস্তায় সড়কবাতি লাগানো হলেও তা জ্বলেনি। এর আগেই চুরি হয়ে গেছে। তবে বর্তমান মেয়র ক্ষমতায় আসার পর পৌর এলাকায় উন্নয়নের কাজ শুরু হয়েছে। ’মহেশখালী পৌরসভার সচিব মোহাম্মদ সামশুদ্দিন এ ব্যাপারে বলেন, ‘আগে উন্নয়ন হয়নি, তবে এখন হচ্ছে। নাগরিকেরাও পৌরকর দিচ্ছেন। এ বছর প্রায় ৬০ লাখ টাকা কর আদায় হয়েছে।’ লোকবল-সংকটের কারণে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে পৌরসভার কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘এত দিন পৌর এলাকার নাগরিকেরা সেবা পাননি। সড়কবাতি লাগানো ও রাস্তা চওড়া করার মতো কিছু কাজ হাতে নেওয়া হলেও অধিকাংশ নাগরিক সমস্যা দূর করা হয়নি। গণশৌচাগার, বাস টার্মিনাল, কসাইখানা, বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা হয়নি। শিক্ষা ও চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা।’ এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে প্রায় সাড়ে তিন কোটি টাকার উন্নয়নকাজ করেছি। পৌরসভার বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়িয়ে এ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করা হবে।’ লোকবল-সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘লোকবল নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অচিরেই শূন্য পদে লোক নিয়োগ করা হবে।’