১১ মাস ধরে নষ্ট আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র গত ১১ মাস ধরে বিকল হয়ে আছে। দীর্ঘ সময় ধরে যন্ত্রটি চালু না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। ফলে বাইরের রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান থেকে এক্স-রে করাতে গিয়ে অতিরিক্ত ফি গুনতে হচ্ছে রোগীদের।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১৫ সালের মার্চ মাসে নষ্ট হয়ে পড়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি। বিকল পড়ে থাকা এক্স-রে যন্ত্রটি অ্যানালগ পদ্ধতির হলেও এটি দিয়ে রোগ নির্নয়ের কাজ চলত। আনোয়ারা উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে এ বছরের ১৬ মার্চ ৫০ শয্যায় উন্নীত করা হলেও এক্স–রেসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়ে গেছে এখনো।
উপজেলার রায়পুরের গহিরা গ্রামের নুরুল আবছার (৪১) বলেন, ‘আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক আমাকে একটি বুকের এক্স-রে করাতে বলেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় আমাকে বাইরে থেকে এক্স-রে করাতে হয়েছে। এতে আমার অতিরিক্ত টাকা ও সময় ব্যয় হয়েছে।’
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা জামাল বলেন, ‘আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র দরকার অথচ আমাদের অ্যানালগ যন্ত্রটাই নষ্ট। বিষয়টি নিয়ে একাধিক লেখালেখি হলেও কাজ হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল মল্লিক প্রথম আলোকে বলেন, এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় রোগীরা কষ্ট পাচ্ছেন। তাই বিষয়টি সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।