পুরো বছর কেটেছে রাজনৈতিক অস্থিরতায়। এর থেকে রেহাই পায়নি পর্যটন কক্সবাজারও। ক্ষতি দিনকে দিন মাত্রা ছাড়িয়েছে। গত ১১ মাসে কক্সবাজারের হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ নানা খাতে ব্যবসায়ীরা লোকসান দিয়েছেন দেড় হাজার কোটি টাকার বেশি। থমকে আছে হাজার কোটি টাকার বিনিয়োগ। এই অবস্থা চলতে থাকলে পর্যটনশিল্প ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে গত ১৫ ফেব্রুয়ারি শহরের রুমালিয়ারছড়া এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও পুলিশের মধ্যে একাধিক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়। এরপর থেকে অশান্ত হয়ে ওঠে কক্সবাজার।
হোটেল মালিকেরা জানান, মার্চের প্রথম দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া, আমিরাবাদ ও লোহাগড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করলে বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজারে আটকা পড়েন। এ সময় পর্যটকেরা নিরাপদে ফিরে যাওয়ার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করেন। এরপর জেলা প্রশাসন আটকে পড়া পর্যটকদের আকাশ ও সমুদ্রপথে ঢাকা-চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে। দেশি-বিদেশি প্রচারমাধ্যমে এ খবর প্রচারিত হওয়ার পর বন্ধ হয়ে যায় পর্যটক আসা।
হোটেলেই লোকসান হাজার কোটি: কক্সবাজারের ছোট-বড় প্রায় ৩০০ হোটেল-মোটেল-গেস্টহাউসের গত ১১ মাসে লোকসান গেছে এক হাজার ২১১ কোটি টাকা। এ ক্ষেত্রে সরকার বঞ্চিত হয় শতকোটি টাকার রাজস্ব আয় থেকে। চাকরি হারাতে হয়েছে এসব হোটেলের অন্তত ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে।
এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ডিসেম্বর মাসে বিভিন্ন হোটেলের লোকসান গেছে ১১০ কোটি টাকা। গত নভেম্বর মাসের লোকসান ১২০ কোটি। গত ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১১ মাসে লোকসান গেছে এক হাজার ২১১ কোটি টাকা। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে সব হোটেল-মোটেল বন্ধ হয়ে যাবে। তখন পর্যটনশিল্পে মারাত্মক ধস নামবে।
রেহাই পায়নি কেউ: ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ী—ক্ষতি থেকে রেহাই পায়নি কেউ। নাফ পেপার বিতানের পরিচালক আবদুল গণি বলেন, অবরোধ কর্মসূচির কবলে পড়ে স্থানীয় অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসেছেন। হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অভাব অনটনে জীবন কাটাচ্ছেন।
টেকনাফ বাসস্টেশন বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি একরামুল হক জানান, গত নভেম্বর-ডিসেম্বরের টানা অবরোধ কর্মসূচির কারণে সমিতির অন্তর্ভুক্ত ৪৩০টি দোকানের মালিক প্রায় ৫০ কোটি টাকা লোকসান দিয়েছেন। বন্ধ হয়ে গেছে ৫০টির বেশি দোকান।
কক্সবাজার পোলট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ চৌধুরী জানান, জেলার আটটি উপজেলায় প্রায় ৩৬০টি পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৮০ কোটি টাকা।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, হরতাল-অবরোধ কর্মসূচিতে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আটকে পড়ে নষ্ট হয়েছে প্রায় ১০ কোটি টাকার মাছ। একইভাবে, চিংড়ির পোনা উৎপাদন হ্যাচারি, পরিবহন ও পর্যটকদের ভ্রমণে নিয়োজিত টুর অপারেটর, সৈকতের শামুক-ঝিনুক ব্যবসায়ী, সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে চলাচলকারী প্রমোদতরি জাহাজ ব্যবসা, আবাসন ব্যবসা, রেস্তেরাঁসহ নানা বিপণিকেন্দ্রে লোকসান হয়েছে আরও অন্তত ১৫০ কোটি টাকা।
কক্সবাজার বণিক সমিতির সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে কক্সবাজারের পর্যটনসহ ১০টি খাতে গত ১১ মাসে লোকসান গেছে দেড় হাজার কোটি টাকার বেশি। এই লোকসান পুষিয়ে নিতে হলে পর্যটনের এই শহরকে হরতাল-অবরোধ কর্মসূচির আওতামুক্ত ঘোষণা করতে হবে এবং ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কক্সবাজারের দিকে কেউ আর ফিরে তাকাবে না।