১১ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১১ মাসেও খোঁজ মেলেনি কক্সবাজারের টেকনাফ উপজেলার যুবলীগের নেতা মোস্তাক আহমদের। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের বড় ছেলে।
২০১৫ সালের ১১ আগস্ট রাতে পৌরসভার নিজ বাড়ির সামনে থেকে মোস্তাককে কয়েকজন লোক অস্ত্রের মুখে অপহরণ করে বলে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন। এ ঘটনার পরদিন ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ টেকনাফ থানায় অজ্ঞাতনামা ছয়-সাতজনের বিরুদ্ধে একটি এজাহার করেন।
জাফর আহমদ বলেন, তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। ছেলের খোঁজে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন দপ্তরে গিয়ে ধরনা দিয়েছেন তিনি। তবে কেউ কোনো খোঁজ দিতে পারেনি।
মোস্তাকের মা আমেনা খাতুন বলেন, ‘ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। তবু ছেলের সন্ধান পাচ্ছি না।’
স্বামীর প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছেন স্ত্রী জয়নব রাজিয়া। গত বছরের ২৫ মার্চ তাঁদের বিয়ে হয়। জয়নব বলেন, ‘প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে আমার স্বামীকে তুলে নিয়ে গুম করে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনায় জড়িত না থাকলে এত দিনেও কেন তাঁকে খুঁজে বের করতে পারেনি।’
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, পুলিশ মোস্তাক নামে কাউকে আটক করেনি। আটক করলে আদালতে সোপর্দ করা হতো।
ওসি বলেন, নিখোঁজ মোস্তাকের বাবা জাফর আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে মামলার পর দেশের বিভিন্ন থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছিল। তাঁর সন্ধান পাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত িবভাগ) কাছে রয়েছে।