১১ শিক্ষকের মধ্যে ছয়জনই নেই মহেশখালী বালিকা বিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের ১১টি শিক্ষক পদের মধ্যে ছয়টি পদই শূন্য। ২০১০ সালের ডিসেম্বর মাস থেকে নেই প্রধান শিক্ষক। একজন ইংরেজি শিক্ষকের পদ খালি ১২ বছর ধরে। কৃষি ও সামাজিক বিজ্ঞানের শিক্ষকের পদও শূন্য রয়েছে। এই অবস্থা কক্সবাজারের মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের। শিক্ষক–সংকটে ব্যাহত হচ্ছে এই বিদ্যালয়ের পাঠদান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়টি ১৯৮৩ সালে স্থাপিত হওয়ার পর ১৯৮৫ সালে সরকারীকরণ হয়। ছাত্রীর সংখ্যা ৪০৭ জন। গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এসএসসি ও জেএসসিতে ভালো ফলাফল করতে পারছে না।
গত বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন একাই তিনটি বিষয়ে পাঠদান করছেন। সেদিন ইংরেজি, বাংলাদেশ বিশ্বপরিচয় ও ইসলাম ধর্ম পড়াতে হয়েছে তাঁকে। একইভাবে অন্য শিক্ষকদেরও তিন থেকে চারটি বিষয়ে প্রতিদিন পাঠদান করতে হয় বলে জানালেন তিনি।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, গণিত, বিজ্ঞান ও ইংরেজি শিক্ষক না থাকায় বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হচ্ছে না। ফলে এসব গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য বাইরের শিক্ষকের কাছে গিয়ে পড়তে হচ্ছে তাদের। এরপরও অনেক সময় পরীক্ষার ফলাফল ভালো হয় না।
বিদ্যালয়ের অভিভাবক নুরুল আলম বলেন, এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক–সংকট লেগেই আছে। কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। ফলে শিক্ষার্থীরা প্রতিবছর এসএসসি ও জেএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন বলেন, শিক্ষক–সংকটের বিষয়ের ওপর অনেক লেখালেখি করেও কোনো কাজ হয়নি। ফলে আপাতত তিনজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান করা হচ্ছে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম বলেন, মহেশখালী বালিকা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি।