
অর্থ-সম্পদ আর লাঠির জোর ছিল বড়রিয়ার সরদারদের। বাহুশক্তিও কম ছিল না সরদার বংশের ছেলেদের। কথিত আছে, হাত দিয়ে পিষে সরষের তেল বের করতে পারতেন এই বংশের ছেলে আবদুস সামাদ সরদার। তাঁর মতোই শক্তিশালী ছিল তাঁরই এক ঘোড়া। যে ঘোড়ায় চড়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে সব জায়গায় যেতেন ঘোড়ায় চড়ে। আশপাশে ঘোড়দৌড় প্রতিযোগিতার খবর পেলে ছুটে যেতেন সামাদ সরদার।
গ্রামবাসীর কাছ থেকে পাওয়া তথ্যমতে, আনুমানিক ১১০ বছর আগে এমনই এক প্রতিযোগিতায় গিয়েছিলেন সামাদ। মাগুরা সদর উপজেলার বাখরবা নামের ওই গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিন দফা প্রথম হবার পরও তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়নি। তাঁকে হারাতেই একাধিকবার ঘোড়া দাবড়ানো হয়। শেষে ক্ষিপ্ত হয়ে বাড়ি ফেরেন সামাদ সরদার। সালটি কারও মনে না থাকলেও পরদিন ছিল ১১ জানুয়ারি। বাড়িতে এসেই নিজ জমিতে আয়োজন করেন ঘোড়দৌড়ের আসর। সেই থেকে মাগুরা জেলার মহম্মদপুরের সরদারদের আয়োজনে চলে আসছে ঘোড়দৌড়। আর এই ঘোড়দৌড় ঘিরে গ্রামে বসে মেলা।
মেলা কমিটির বর্তমান সম্পাদক শাহজাহান সরদার (৬০) বলেন, তাঁর দাদার বাবা আবদুস সামাদ সরদার টানা ৩৫ বছর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি মারা গেলে দায়িত্ব পড়ে আজিজার রহমান সরদারের ওপর। তিনিও ২৫ বছর এই আয়োজন করেছেন। আজিজার রহমানের মৃত্যুর পর দায়িত্ব পান কালাম সরদার। এই কালাম সরদার ২০ বছর এই আয়োজন করেছেন। এরপর ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ঘোড়দৌড় ও মেলার আয়োজন করে আসছেন শাহজাহান সরদার।
প্রতিবছর ১১ জানুয়ারি এই প্রতিযোগিতা হয়ে থাকে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়। এবারও তা–ই হয়েছে। মেলা চলেছে ১১ থেকে ১৬ জানুয়ারি।
১১ জানুয়ারি মহম্মদপুরে গিয়ে দেখা যায়, দুপুর থেকেই লোকজন আসতে শুরু করেছে ঘোড়দৌড়ের মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়। ঘড়ির কাঁটা বেলা দুইটা পেরিয়েছে। একে একে নয়টি ঘোড়া উপস্থিত হয়। আগে থেকেই ঘোড়দৌড়ের নির্দিষ্ট বৃত্তাকৃতির পথে নিশান ওড়ানো হয়েছিল। প্রতিযোগী ঘোড়াদের নির্দিষ্ট পথে নিয়ে গিয়ে মহড়াও সেরে নেওয়া হয়।
বেলা আড়াইটার পরপরই শুরু হয়ে যায় ঘোড়দৌড়। ঘোড়সওয়ারের বাঁশির আওয়াজে ঘোড়া ছুটে চলে দুর্বার গতিতে। হাজার হাজার মানুষ বিভিন্ন রাস্তা ও বিলের বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আপন মনে উপভোগ করে ঘোড়দৌড়।
প্রতিযোগিতায় মহম্মদপুরের রায়পাশা গ্রামের আবজাল মোল্যার ঘোড়া প্রথম, রাজবাড়ী এলাকার ফুল মিয়ার ঘোড়া দ্বিতীয় এবং নড়াইলের ডুমুরতলা গ্রামের নজির মিয়ার ঘোড়া তৃতীয় স্থান দখল করে।
প্রাচীন এ মেলা ঘিরে শুধু বড়রিয়া নয়, উৎসব, উন্মাদনা আর আনন্দে মাতে আশপাশের অন্তত ৫০ গ্রামের মানুষ। মূল আকর্ষণ ঘোড়দৌড়। আর মেলা তো আছেই। মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজারসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এ মেলায় দোকান বসিয়ে পণ্য বিক্রি করেন। চুড়ি-ফিতা থেকে শুরু করে মিষ্টি-মিঠাই, ঘর-গৃহস্থালির সব ধরনের পণ্য পাওয়া যায় এ মেলায়।
শাহজাহান সরদার বলেন, এ বছর চার হাজারের বেশি দোকান বসেছিল। আগে আরও বেশি দোকান বসত। ৪০ থেকে ৫০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিত। এখন আর মানুষ তেমন ঘোড়া পালন করে না। তবে এই ঘোড়দৌড় ও মেলা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। তাই ১১০ বছর ধরে টিকে আছে এই মেলা। আরও অনেক বছর টিকে থাকবে সবার ভালোবাসায়—এমনটাই প্রত্যাশা বড়রিয়ার সরদারদের।