চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূসম্পত্তি (এস্টেট) শাখার দৈনিকভিত্তিক কর্মচারী প্রদীপ বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয় এক হাজার ১৩৫টি দোকানের ভাড়া আদায়ের। ২০০৭ সাল থেকে তিনি একটানা ২০১০ সাল পর্যন্ত ভাড়া আদায় করেন। কিন্তু ওই টাকা ব্যাংকে জমা দেওয়ার কোনো প্রমাণ করপোরেশনে নেই। ফলে এ তিন বছরে কী পরিমাণ ভাড়া আদায় করা হয়েছে তার সঠিক হিসাব করপোরেশনে নেই। তবে আশঙ্কা করা হচ্ছে গত তিন বছরে এসব দোকান থেকে অন্তত ৫০ লাখ টাকা ভাড়া আদায় করা হয়েছে। সিটি করপোরেশনের ভূসম্পত্তি শাখা থেকে জানা যায়, এসব দোকানের গড় ভাড়া ১০০-৩০০ টাকার মধ্যে। ফলে প্রতিটি দোকানের ভাড়া ২০০ টাকা ধরলেও ন্যূনতম মাসিক ভাড়ার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার টাকা। বছরে যা ২৭ লাখ এবং তিন বছরে ৮১ লাখ টাকারও বেশি। গত ২৫ জানুয়ারি প্রদীপ বড়ুয়াকে একটি চিঠি দেন ভূসম্পত্তি কর্মকর্তা আহমদুল হক। তাতে দোকানগুলোর ভাড়া আদায়ের সময় নেওয়া রশিদ বই (রেজিস্টার), আদায় করা রশিদ, ব্যাংকে জমা করা রশিদ বই, ব্যাংকের প্রমাণপত্র (স্ট্যাটমেন্ট) এবং অব্যবহূত রশিদসহ ১০ ফেব্রুয়ারির মধ্যে সহকারী ভূসম্পত্তি কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই চিঠির নির্দেশ অমান্য করায় ২ মার্চ তাঁকে আবারও চিঠি দেওয়া হয়। তাতে ৬ মার্চের মধ্যে আগের নির্দেশিত কাগজপত্র জমা দেওয়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।সিটি করপোরেশনের ভূসম্পত্তি কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘আগের মেয়রের সময় তিনি নেতা গোছের ছিলেন। এ জন্য ভাড়ার টাকার হিসাব নিয়ে ঘাঁটাঘাঁটি হয়নি। গত জানুয়ারি থেকে তাঁকে এ কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে পুনরায় ভাড়া আদায়ের কাজ দেওয়ার জন্য নানাভাবে তদবির হচ্ছে। তাই আমি বলেছি আগে টাকাগুলো জমা দাও। তারপর কাজ দেব।’ জানা যায়, প্রদীপ বড়ুয়া ২০০৪ সালে সিটি করপোরেশনে দৈনিকভিত্তিতে ভূ-সম্পত্তি শাখায় যোগ দেন। ২০০৭ সালে তাঁকে দোকানের ভাড়া আদায়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১০ সাল পর্যন্ত একটানা ভাড়া আদায় করেন। তিনি এক হাজার ১৩৫টি দোকানের ভাড়া আদায় করেন। এগুলোর মধ্যে রয়েছে—জহুর হকার্স মার্কেটের ৮০৮টি, রিয়াজউদ্দিন বাজারে ১২০টি, খাতুনগঞ্জে ২৯টি, গোসাইলডাঙ্গায় ৫৩টি, ফকিরহাটে ৫৪টি, অমরচাঁদ সড়কে ৫৪টি ও চান্দিনাভিটায় ১৭টি। ভাড়া আদায়ের পর তা ব্যাংকে জমা দিয়ে আদায়ের রশিদের মুড়ি সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু তা জমা দেননি তিনি। ফলে গত জানুয়ারিতে তাঁকে চিঠি দেওয়া হয়। মার্চে দেওয়া হয় দ্বিতীয় চিঠি। সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা এখলাস উদ্দিন বলেন, ‘দুই দফা চিঠি দেওয়ার পর আমার কাছে কিছু কাগজপত্র জমা দিয়েছেন প্রদীপ বড়ুয়া। এখন আমি কাগজপত্রগুলো যাচাইবাছাই করে দেখছি।’ প্রদীপ বড়ুয়া দাবি করেন, তিনি ২৭ লাখ টাকার হিসাব জমা দিয়েছেন। এত দিন পরে কেন হিসাব দিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভাড়া আদায়ের রশিদ বইগুলো অনেকের হাতে ছিল। এগুলো একসঙ্গে করতে অনেক সময় লেগে গেছে। ’করপোরেশন সূত্রে জানা যায়, প্রদীপ বড়ুয়া জহুর হকার্স মার্কেট দোকান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। ফলে ভাড়া আদায় নিয়ে তাঁকে তেমন কথা বলার সাহস করতেন না কেউ। মেয়র পদে পরিবর্তনের পর ভূ-সম্পত্তি শাখা থেকে এসব টাকা উদ্ধারের চেষ্টা শুরু হয়। প্রদীপ বড়ুয়া নিজেও স্বীকার করেন, ‘আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। ভূ-সম্পত্তি শাখা থেকে আমাকে জোর করে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা চলছে।’ রশিদ বই জমা না দেওয়ার পক্ষে তিনি বলেন, ‘ভাড়া আদায়ের জন্য অনেকের হাতে বই দিয়েছিলাম।’