১১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ও রামনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী জানান, গত বুধবার দুটি ইউনিয়নের ১১৬ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। পরদিন বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র বাছাই। এতে সদর ইউপির দুজন ওয়ার্ড সদস্য পদপ্রার্থীর মনোয়নপত্র বাতিল হয়ে যায়। বর্তমানে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও ওয়ার্ড সদস্য পদে ৯০ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।
তফসিল অনুযায়ী, আগামীকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ আগস্ট নির্বাচন।
রামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন আবুল হাসেম, এ কে এম কামাল উদ্দিন, মো. সাঈদুল হক, মোহাম্মদ আনোয়ারুল কাবীর ও মো. আহছান উল্লাহ।
সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাতজন। তাঁরা হলেন বেলায়েত হোসেন, মো. আবু নাছের, মো. নুর নবী, আবু সাঈদ, এ জেড এম গোলাম রসুল, মো. ইস্রাফিল ও এবিএম মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, ২০০৩ সালের মার্চে ওই দুটি ইউপির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দুটি ইউনয়নের দুটি গ্রামের কিছু অংশ দাগনভূঞা পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর দুটি গ্রামের ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে জটিলতা দেখা দেয়। যার ফলে এতদিন নির্বাচন হতে পারেনি।