১১৮ বছর পর নতুন আদালত ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশআমল থেকে স্বাধীন বাংলাদেশ। ব্যবধান ১১৮ বছর। চট্টগ্রামে আরেকটি নতুন আদালত ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। বিশাল পরিসরের নতুন আদালত ভবনটি এ অঞ্চলের বিচারকাজের জন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ৮ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভবন উদ্বোধন করবেন। গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, ১১৮ বছর আগে ১৮৯২ সালে তত্কালীন ব্রিটিশ সরকার উপমহাদেশের স্থাপত্যশৈলীর সংমিশ্রণে চট্টগ্রামের পরির পাহাড়ের ওপর আদালত ভবন নির্মাণ করে। ওই ভবনে চলছে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন আদালতের বিচারকাজ। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যক্রমও পরিচালিত হচ্ছে এ ভবন থেকে। স্যাঁতসেঁতে পরিবেশে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে হচ্ছে। অনেক সময় এজলাশ কক্ষে বিচারপ্রার্থীদের দাঁড়ানোর জায়গা থাকে না। এ অবস্থার অবসান ঘটতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর। নতুন আদালত ভবনের নির্মাণকাজ শেষ হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে। বিচারকেরা স্বাচ্ছন্দ্যে বিচারকাজ পরিচালনা করতে পারবেন। সংস্থাপন মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তর ভবনটি নির্মাণ করে। নতুন আদালত ভবনে ৪৬টি এজলাশ কক্ষ আছে। জানা গেছে, এক যুগ আগে ১৯৯৮ সালে তত্কালীন আওয়ামী লীগ সরকারের আমলে ভবনটি ভেঙে নতুন আদালত ভবন নির্মাণের চেষ্টা হয়। চট্টগ্রামের সচেতন নাগরিকদের বাধার কারণে স্থাপত্যশৈলীর সংমিশ্রণে ১১৮ বছর আগে নির্মিত পুরোনো ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। পুরনো ভবনের পাশেই নির্মাণ করা হয় নতুন আদালত ভবন।চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ১১৮ বছর পর চট্টগ্রামে নতুন আদালত ভবন নির্মিত হয়েছে। প্রায় আড়াই লাখ বর্গফুট আয়তনের নতুন ভবনটি এ এলাকার বিচারকাজে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এতে বিচারক, বিচারপ্রার্থী ও আইনজীবীরা উপকৃত হবেন। বিচারকেরাও স্বাচ্ছন্দ্যে ও সুন্দর পরিবেশে কাজ করতে পারবেন। সূত্র জানায়, চট্টগ্রামের সচেতন নাগরিকদের আন্দোলনের কারণে সরকার ১১৮ বছরের পুরোনো আদালত ভবন সংস্কার ও নতুন আদালত ভবন নির্মাণের জন্য একটি প্রকল্প নেয়, যার মেয়াদকাল ১৯৯৮ সালের জুলাই থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত বলে জানা গেছে। ইতিমধ্যে নতুন আদালত ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। পুরোনো আদালত ভবন থেকে এজলাশগুলো নতুন ভবনে স্থানান্তর হবে শিগগির। এরপরই পুরোনো ভবনের বাকি অংশের সংস্কারকাজ শুরু হবে। অবশ্য পুরোনো ভবনের মধ্যব্লকের (ডিসি ব্লক) সংস্কারকাজ ইতিপূর্বে শেষ হয়েছে। গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১৭ মার্চ নতুন আদালত ভবনের নির্মাণকাজ শুরু হয়। রাজধানী ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে খরচ হয়েছে ২২ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা। জানা গেছে, চারতলা নতুন আদালত ভবনের আয়তন দুই লাখ ৪৬ হাজার ৭১১ বর্গফুট। এ অঞ্চলের মধ্যে চট্টগ্রাম নতুন আদালত ভবন সবচেয়ে বড় ভবন বলে জানা গেছে, যা চট্টগ্রাম পুরোনো আদালত ভবনের আয়তনের দ্বিগুণের বেশি। পুরোনো আদালত ভবনের আয়তন এক লাখ ১৮ হাজার ২০২ বর্গফুট। নতুন আদালত ভবনে সব ধরনের আধুনিক সুবিধা পাওয়া যাবে। যেমন বিচারকদের ব্যবহারের জন্য দুটি লিফট ও নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যদিও উদ্বোধনের আগে লিফট সংযোজন করা সম্ভব হয়নি। তবে বিদেশ থেকে লিফটের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শিগগির তা সংযোজন করা হবে বলে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনতোষ বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নতুন আদালত ভবন চালুর মাধ্যমে এ অঞ্চলের বিচারপ্রার্থী, বিচারক ও আইনজীবীদের সুযোগ-সুবিধা আরও বাড়বে। আগে মামলার সংখ্যা ও বিচারপ্রার্থীদের অনুপাতে এজলাশ ও বিচারক ছিল না। পুরোনো আদালত ভবনে ছোট খাঁচার মতো স্যাঁতসেঁতে কক্ষের ভেতর অনেক বিচারক বিচারকাজ পরিচালনা করছেন, যা তাঁদের মনস্তাত্ত্বিভাবে দুর্বল করে ফেলেছে। এ অবস্থার পািরবর্তন ঘটতে যাচ্ছে। এখন নতুন আদালত ভবনে স্থান তথা এজলাশের সংখ্যা বাড়ানো হয়েছে। তাই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া দ্রুত নিশ্চিত করতে হবে।