১২ ইউনিয়নে আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীদের চাঙা করার উদ্যোগ নিয়েছে ফেনী জেলা আওয়ামী লীগ। এতে ঝিমিয়ে থাকা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সূত্র জানায়, সাংগঠনিক তত্পরতার অভাবে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়। এই হতাশা কাটিয়ে দলকে তৃণমূল পর্যায়ে চাঙা করার জন্য গত এপ্রিলের শুরু থেকে ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের আয়োজন করা হয়। জানা যায়, ইতিমধ্যে উপজেলার ১২টি ইউনিয়নের সবগুলোতেই সম্মেলন শেষ হয়েছে। সর্বশেষ ৩ জুন বালিগাঁও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ১১টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। শুধু পাঁচগাছিয়া ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়নি। তার আগে সব কটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।বালিগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ ও আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান শরীফ জানান, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় স্থানীয় কর্মীদের মধ্যে হতাশা ও নিষ্ক্রিয়তা দেখা দিয়েছিল। সম্প্রতি ইউনিয়ন পর্যায়ের সম্মেলন হয়ে যাওয়ায় দলকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে সবার মাঝে উত্সাহ সৃষ্টি হয়েছে। প্রায় সব সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, সদর থানার সভাপতি করিম উল্লাহ ও সাধারণ সম্পাদক নূর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।নতুন ইউনিয়ন কমিটিগুলোর নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকেরা হচ্ছেন—শর্শদী ইউনিয়নের সভাপতি ইলিয়াছ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রহমান পাটোয়ারী, কালীদহ ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ছনুয়া ইউনিয়নের সভাপতি জমির উদ্দিন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, ফাজিলপুর ইউনিয়নের সভাপতি মজিবুল হক ও সাধারণ সম্পাদক জহিরুল হক, ফরহাদনগর ইউনিয়নের সভাপতি ফোরকান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, লেমুয়া ইউনিয়নের সভাপতি ভোলা মেম্বার ও সাধারণ সম্পাদক মোশারফ উদ্দিন, ধর্মপুর ইউনিয়নের সভাপতি আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ধলিয়া ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক নুরুল আবছার, মোটবী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মজিবল হক, কাজিরবাগ ইউনিয়নের সভাপতি ইকবাল মজুমদার ও সাধারণ সম্পাদক আবদুর রউফ ও বালিগাঁও ইউনিয়নের সভাপতি জিয়াউল হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন প্রথম আলোকে জানান, ফেনী সদর উপজেলায় বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১২ ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। তবে ১১টি ইউনিয়নে কমিটি গঠন করা হলেও শুধু পাঁচগাছিয়া ইউনিয়নে বিশেষ কারণে কমিটি ঘোষণা করা হয়নি। শিশগিরই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে ওই ইউনিয়নের কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।সূত্র জানায়, জেলার অন্য উপজেলাগুলোতেও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর জেলা সম্মেলনের উদ্যোগ নেওয়া হবে।দলীয় সূত্র জানায়, গত এক মাসে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১ ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্য একটি ইউনিয়নে সম্মেলন হলেও কমিটি ঘোষণা করা হয়নি।