অনলাইনে বিভিন্ন জার্নাল, গবেষণাপত্র ও ই-বুক পড়ার সুযোগ সৃষ্টি করতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) গ্রন্থাগারকে গত বছর ডিজিটাল গ্রন্থাগারে রূপান্তরিত করা হয়। বরাদ্দ দেওয়া হয় ১২টি কম্পিউটার। ব্যবস্থা করা হয় ইন্টারনেট সংযোগের। কিন্তু গ্রন্থাগার কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় বর্তমানে এ ডিজিটাল গ্রন্থাগারের অবস্থা নাজুক। বরাদ্দকৃত ১২ কম্পিউটারের আটটিই বিকল।গ্রন্থাগারে বইয়ের সংখ্যা খুবই অপ্রতুল। ২০০৩ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করার পর থেকে নতুন বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়েনি বইয়ের সংখ্যা। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রকৌশল শিক্ষার জন্য প্রতি সেমিস্টারে একজন শিক্ষার্থীকে গড়ে ১৫ থেকে ২০টা বই পড়তে হয়। অনেক সময় নির্দিষ্ট সিলেবাসের বাইরে শিক্ষকদের দেওয়া রেফারেন্সসহ বইও পড়তে হয়। বেশির ভাগ ক্ষেত্রে এসব বইয়ের দাম হয় অনেক বেশি। বেশির ভাগ শিক্ষার্থীরই চড়া দামে এতগুলো বই কেনার সামর্থ্য নেই। সব জায়গায় কিনতেও পাওয়া যায় না। ফলে এসব শিক্ষার্থীকে গ্রন্থাগারের ওপর নির্ভর করতে হয়। কিন্তু গ্রন্থাগারে শিক্ষার্থীরা পর্যাপ্ত বই পাচ্ছে না। যে বইগুলো আছে সেগুলোও অনেক পুরোনো সংস্করণ। এদিকে, ২০০৯ সাল থেকে কম্পিউটার কৌশল বিভাগে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ করা হলেও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়নি গ্রন্থাগারের বইয়ের সংখ্যা। ফলে এ বিভাগের শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে উঠেছে। এ ছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, পুরকৌশল, যন্ত্রকৌশল এবং যন্ত্রকৌশল বিভাগের প্রতিটিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু প্রয়োজনীয় বইয়ের সংখ্যা বাড়েনি। এ ছাড়াও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, স্থাপত্য বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং নামে তিনটি নতুন বিভাগ খোলা হলেও এগুলোর জন্য নেই পর্যাপ্ত গ্রন্থাগার-সুবিধা।এ প্রসঙ্গে কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রেজা বলেন, ‘গ্রন্থাগার থেকে বই দেওয়া হয়—প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দুটি, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের তিনটি করে। এটি আমাদের জন্য যথেষ্ট নয়।’ গ্রন্থাগারের বেশির ভাগ বই ছেঁড়া। অনেক বইয়ের ভেতরের প্রয়োজনীয় পৃষ্ঠা খুঁজে পাওয়া যায় না। পুরোনো ও ছেঁড়া বইগুলোর যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এভাবে বিভিন্ন কারণে বইয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে গ্রন্থাগারিককে ছেঁড়া বইগুলো সম্পর্কে কোনো অভিযোগ করলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে চুয়েটের গ্রন্থাগারিক মো. আবুল হোসাইন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে রাজি নই।’ প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে গবেষণা ও প্রজেক্টভিত্তিক কাজের জন্য অনেক বই পড়ার দরকার হয়। কিন্তু চুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই পর্যাপ্ত গবেষণাপত্র এবং ই-বুক। লাইব্রেরির মোট বইয়ের সংখ্যা ৪৭ হাজার ৯২৭টি যার বেশির ভাগই পুরোনো সংস্করণ এবং বর্তমান সিলেবাসের আওতাভুক্ত নয়। এর মধ্যে ৩৭ হাজারের বেশি বই ২০০৩ সালের পূর্বের অর্থাৎ বিআইটি আমলের। ২০০৩ সালে বিশ্ববিদ্যালয় হওয়ার পর গত নয় বছরে চুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগারের উল্লেখযোগ্য কোনো সংস্কার-কাজ হয়নি। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘কম্পিউটার বিকলের ব্যাপারে আমি অবগত নই। তবে ব্যাপারটি আমি দ্রুত সমাধানের ব্যবস্থা নিব।’