সিটি করপোরেশন পরিচালিত ১৩ কলেজের মধ্যে ১২টিতে অধ্যক্ষ নেই। কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। ছয়-সাত মাস ধরে এসব কলেজে অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ ও পাঠদানে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। অবশ্য সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার-ই-আলম বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া একটু বিলম্বিত হলেও শিক্ষাকার্যক্রমে ব্যাঘাত ঘটছে না।সূত্র জানায়, সিটি করপোরেশনের অধীনে কলেজ রয়েছে ১৩টি। এর মধ্যে তিনটি কলেজ নতুন প্রতিষ্ঠা করা হয়েছে—দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ, পাঁচলাইশ এস এম নাসির উদ্দীন সিটি করপোরেশন মহিলা কলেজ ও চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার-নিলুফার কলেজ। বাকি ১০টি কলেজের মধ্যে আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল ও কলেজ এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলেজ ছাড়া বাকি আটটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শুধু কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন ডিগ্রি কলেজ ছাড়া বাকি ১২টির কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেলিয়া জামান বলেন, ‘আমি ২০১০ সালের ৩১ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি।’ ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে কলেজের প্রশাসনিক কাজ পরিচালিত হওয়ায় গতি আসছে না—এ কথা স্বীকার করে সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহানা কবির বলেন, ‘শিক্ষাকার্যক্রমে আরও গতি আনতে সারপ্রাইজ ভিজিট করা দরকার। তবে আমি তো চেয়ারম্যান হিসেবে কোনো লজিস্টিক সাপোর্ট করপোরেশন থেকে পাচ্ছি না।’এদিকে, বিভিন্ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষরা অবকাঠামোগত সংকটের কথা তুলে ধরার পাশাপাশি সুষ্ঠু নীতিমালার অভাবে শিক্ষক নিয়োগ, বদলি, পদোন্নতিসহ নানা বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন। নাম প্রকাশ না করার শর্তে একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, এখানে নীতিমালা থাকলেও এর প্রয়োগ নেই। একেক সময় একেক সার্কুলার জারি করা হচ্ছে। তিনি বলেন, সিটি করপোরেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবে এর অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি বেসরকারি না সরকারি শিক্ষা নীতিমালায় চলবে এর সঠিক কোনো দিকনির্দেশনা নেই। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার-ই-আলমকে প্রশ্ন করলে তিনি সরকারি নীতিমালা অনুসরণ করেই সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছে বলে জানান। সরেজমিনে ২ মে কুলগাঁও সিটি করপোরেশন কলেজে গিয়ে দেখা যায়, কলেজ ভবনটি ছয়তলা হওয়ার কথা থাকলেও করা হয়েছে একতলা। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একতলার কাজ করা হয়। ভবন পূর্ণাঙ্গ না হওয়ায় শ্রেণীকক্ষের সংকটের কথা স্বীকার করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল হক খান প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে মেয়র মহোদয় এ ভবনের কাজ শুরু করার জন্য দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছেন। এটি সম্পন্ন হলে শ্রেণীকক্ষসংকট থাকবে না।’ একইভাবে শ্রেণীকক্ষসংকটের কথা তুলে ধরে পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা বেগম বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৮৫০ জন শিক্ষার্থী আছে। শ্রেণীকক্ষ আছে ২৮টি। ফলে পাঠদান কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে।’