xসাগরে জলদস্যুদের তাণ্ডব বন্ধ হচ্ছে না। দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলার (মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা), মাছ ও জাল লুটের পাশাপাশি মুক্তিপণের জন্য জেলেদের অপহরণ করছে। এতে উপকূলের জেলে পরিবারে দেখা দিচ্ছে আতঙ্ক। জেলেদের অনেকেই এখন মাছ ধরতে যাচ্ছেন না।
১৪ জানুয়ারি কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অপহৃত ১২টি ট্রলারসহ ২৫ জেলেকে উদ্ধার ও সাগরে দস্যুতা বন্ধের দাবি জানিয়েছে কুতুবদিয়া উপজেলা ফিশিংবোট মালিক সমিতি। এ সময় অপহৃত জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কুতুবদিয়া উপজেলা ফিশিংবোট মালিক সমিতি সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনে দ্বীপের অদূরে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর থেকে সশস্ত্র জলদস্যু বাহিনীর সদস্যরা কক্সবাজারের শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে। এরপর মুক্তিপণ আদায়ের জন্য দেড় শতাধিক জেলেকে সুন্দরবন এলাকায় অপহরণ করে। এর মধ্যে কুতুবদিয়া উপজেলার ১২টি ট্রলারের ২১৮ জন জেলে ছিল। মুক্তিপণ আদায়ের জন্য ২৫ জনকে আটকে রেখে অন্য জেলেদের ছেড়ে দেয়।
ফিরে আসা জেলেরা জানান, অপহৃত ২৫ জেলের মধ্যে ১৮ জনের বাড়ি কুতুবদিয়ায়। অন্যরা জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলার বাসিন্দা।
তাঁরা হলেন উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরারছড়া গ্রামের সুজন জলদাস, সুভাস জলদাস, নুর হোসেন, মিন্টু জলদাস, রহিম উল্লাহ, নাছির উদ্দিন, লেডু, বড়ঘোপ গ্রামের মাহাবুবুল হক, মো. হোসেন, আজালা দাশ, আনন্দ দাশ, মো. হাছান, জিয়াবুল হক, গিয়াস উদ্দিন, আদিনাথ দাশ, আলী হায়দার, ইউনুচ ও মনছুর।
ট্রলার মালিক ছাবের আহমদ জানান, দস্যুরা তাঁর একটি ট্রলারসহ দুই জেলেকে সুন্দরবন আটকে রেখে মুঠোফোনে মাথাপিছু দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে।
এ ছাড়া ট্রলার মালিক রত্নসেন, মো.আলমগীর ও শেখ কামাল আহমদ জানান, ছয় জেলেসহ দস্যুরা তাঁদেরও তিনটি ট্রলার লুট করে সুন্দরবনে। এখন মুঠোফোনে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। নইলে আটকে রাখা জেলেদের হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে দস্যুরা। অপহরণের আতঙ্কে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না।
১৬ জানুয়ারি দুপুরে অপহৃত জেলে মো. হাছানের তাবলের চর এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের মধ্যে কান্নার রোল। মা আনোয়ারা বেগম (৫৫) ঘরের দরজায় বসে বিলাপ করছেন।
হাছানের স্ত্রী রুবি আক্তার জানান, হাছানের আয়ের ওপর চলছে ১২ জনের সংসার। মুক্তিপণ দিয়ে দস্যুদের কবল থেকে স্বামীকে ফিরিয়ে আনার সামর্থ্য তাঁদের নেই।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, ‘সুন্দরবন এলাকায় কুতুবদিয়ার ১২টি ট্রলারসহ ২৫ জেলেকে আটকে রাখার খবর পেয়েছি। তাঁদের উদ্ধারে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’