ফেনীর সোনাগাজী উপজেলার পূর্বচর সাহাভিখারী গ্রামের বাসিন্দা মো. আবু বক্কর ছিদ্দিকের (৪৫) খোঁজ মেলেনি ১২ দিনেও। পরিবারের সদস্যদের ধারণা, তাঁকে অপহরণের পর গুম করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ৯ মে সোনাগাজী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, সোনাগাজী উপজেলার পূর্বচর সাহাভিখারী গ্রামের হাজি আবুল হোসেনের ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক (৪৫) গত ৩০ এপ্রিল সকালে বাড়ি থেকে ফেনীর উদ্দেশে বের হন। ওই দিন ফেনী জজ আদালতে জমিজমাসংক্রান্ত একটি মামলার হাজিরার নির্ধারিত তারিখ ছিল। যথারীতি তিনি মামলায় হাজিরাও দিয়েছেন। বিকেলে ফেনী থেকে বাড়ি ফেরার পথে মুঠোফোনে কথা হয় স্ত্রীর সঙ্গে। কিন্তু সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে তাঁকে খোঁজা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি।মনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর স্বামীকে হয়তো বা দুর্বৃত্তরা অপহরণ করে গুম করে রেখেছে।এ প্রসঙ্গে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, ‘নিখোঁজ মো. আবু বক্কর ছিদ্দিকের সন্ধান পেতে পুলিশ নানামুখী চেষ্টা অব্যাহত রেখেছে।’