১২ ফুটের সড়ক এখন ১ ফুট

দেখে মনে হবে জমির আইল। আদতে এটি একটি সড়ক। সরু এই সড়কের প্রস্থ মাত্র ১ ফুট। গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাও দায় হয়ে পড়েছে সড়কটিতে।
মহেশখালীর মাতারবাড়ী-ধলঘাটা সড়কের অবস্থা্ এমনই বেহাল। অথচ দুই বছর আগেও এই সড়কের প্রস্থ ছিল ১২ ফুট। চলাচল করত সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও রিকশা।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালের জুন মাসে বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ১২ কিলোমিটারের সড়কটির প্রায় পুরোটাই ভেঙে যায়। এতে সড়কটি বিলীন হয়ে যায় প্রায় ১১ ফুটই। কিন্তু আড়াই বছরেও ভাঙা সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর দিয়ে চলতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় লোকজন। ভারী জিনিস নিয়ে তো হাঁটা দুরূহ হয়ে পড়েছে।
ধলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ বলেন, আড়াই বছর আগে গাড়ি নিয়ে ধলঘাটার লোকজন মাতারবাড়ী হয়ে মহেশখালী সদরসহ অন্য এলাকায় আসা-যাওয়া করত। এখন হেঁটে চলাও কষ্টকর। তিনি আরও বলেন, সড়ক সংস্কারের আগে বেড়িবাঁধ সংস্কার প্রয়োজন।
ধলঘাটা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে নৌকাযোগে এলাকার লোকজন যাতায়াত করলেও এখন ভাঙা সড়কের ওপর দিয়ে চলাচল করতে ভোগান্তির শেষ নেই।
স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনচারুল করিম বলেন, ভাঙা সড়ক সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। আড়াই বছর ধরে ভাঙাই পড়ে আছে সড়কটি।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, ধলঘাটার চারপাশে অরক্ষিত বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় সড়ক সংস্কার করা যাচ্ছে না।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক বলেন, ইতিমধ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে ধলঘাটার পশ্চিমে এক কিলোমিটার বাঁধ সংস্কারকাজ চলছে। আর ৭০০ মিটার অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। এ ছাড়া বিভিন্ন স্থানে ভাঙা বাঁধগুলো এ বছরেই সংস্কার করা হবে।