
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমার বয়স ত্রিশের ঘর পেরিয়েছে। প্রায় ১২ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছি। ওষুধও সেবন করছি সমস্যার শুরু থেকেই। আমার একটি কাজের প্রয়োজন, কিন্তু রুটিন মাফিক কোনো কাজ করতে পারি না। এ জন্য আমি ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কিত। কীভাবে এ সমস্যা থেকে পরিত্রাণ পাব?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার কী ধরনের মানসিক সমস্যা, তা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করোনি। উচ্চ রক্তচাপসহ অনেক রোগের জন্য প্রায় সারা জীবনই ওষুধ সেবন করতে হয়। ঠিক তেমনই মানসিক রোগ নিয়ন্ত্রণে রাখতেও নিয়মিত ওষুধের প্রয়োজন হয়। তবে সবকিছুর আগে সঠিক রোগ নির্ণয় করা জরুরি। এ জন্য বেশ কিছু সাইকোমেট্রিক পরীক্ষা রয়েছে। যে পরীক্ষার মাধ্যমে উপসর্গগুলো খুব ভালোভাবে জানার পর মনোরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। এ কারণে নিয়মিতভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, উপসর্গগুলো কমছে কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে।
অবস্থার উন্নতি হলে মনোচিকিৎসক ওষুধের মাত্রা কমিয়ে দেন। আবার মানসিক অবস্থার অবনতি হলে মাত্রাটি বাড়িয়েও দিয়ে থাকেন।
তীব্র মানসিক রোগের ফলে অনেক সময় আমরা বাস্তবতাবহির্ভূত অলীক ধারণা করতে থাকি। আচরণেও নানা অস্বাভাবিকতা ধরা পড়ে। তবে কিছু মানসিক সমস্যা রয়েছে, যেগুলো তেমন তীব্র মাত্রার নয়। সে ক্ষেত্রে সারা জীবন ওষুধ সেবনের প্রয়োজন হয় না।
অনেক সময় বিষণ্নতা ও দুশ্চিন্তার মাত্রা ‘অতিরিক্ত’ না হলে শুধু সাইকোথেরাপি বা কাউন্সেলিং সেবা নিয়েও সুস্থ থাকা যায়। তবে মৃদু বা তীব্র দুই ধরনের অসুস্থতায় আক্রান্ত হওয়ার পর ওষুধের পাশাপাশি কাউন্সেলরের কাছে সেবা নেওয়া উচিত।
গত ১২ বছরে তুমি কখনো কাউন্সেলিংয়ের সেবা নিয়েছ কি না বা মনোচিকিৎসকের পরামর্শমতো চলেছ কি না, তা জানলে ভালো হতো। মানসিক রোগ যেহেতু পরিবেশের বিভিন্ন চাপমূলক পরিস্থিতিতে ওঠা–নামা করে, তাই নিয়মিত কাউন্সেলিং নেওয়া উচিত। এ ছাড়া অসুস্থতায় আক্রান্ত মানুষটির পরিবারও যেহেতু অনেক দুশ্চিন্তা ও বিষণ্নতার শিকার হয়, তাই তাদের জন্যও পারিবারিক কাউন্সেলিং সেবা জরুরি।
তুমি যে বর্তমানে কিছু করার কথা ভাবছ, সেটি সত্যিই খুবই প্রশংসনীয়। তবে সবকিছুর আগে নিজেকে সুস্থ রাখা জরুরি। তুমি নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি কোনো সংস্থায় কাউন্সেলিং সেবা নাও। মানসিক চাপ কম নিতে হয় এমন কোনো কাজে ঢুকে যাও। আর সবশেষে বলব, নিজের ওপর প্রত্যাশার মাত্রাটি বাস্তবসম্মত রাখো।