দীর্ঘ ১২ বছর পর লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে প্রথমবারের মতো কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে খোরশেদ আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। খোরশেদ লোহাগাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং এবং সালাহ উদ্দিন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সভাপতি পদে অন্য দুজন প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ওমর ফারুক। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন জান মোহাম্মদ সিকদার ও মো. নুরুচ্ছফা। সম্মেলনে ২০৪ জন কাউন্সিলরের মধ্যে ২০১ জন ভোট দেন। এর মধ্যে খোরশেদ ৮৬ এবং সালাহ উদ্দিন ৭৪ ভোট পান। সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় গত ২৯ জুন লোহাগাড়ার বটতল এলাকার একটি সামাজিক কেন্দ্রে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম। এ ছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ জেলা ও উপজেলা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। কমিটি নির্বাচনসংক্রান্ত দ্বিতীয় অধিবেশন গত ৩০ জুন চট্টগ্রাম নগরের জেএম সেন হলে মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীরা জানান, সম্মেলন কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের সংঘাত এড়ানোর লক্ষ্যে নির্বাচনপর্ব নগরে আয়োজন করা হয়। মোসলেম উদ্দিন আহমেদ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে কোন্দল মিটিয়ে দলকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করে দেন। আমিনুল ইসলাম বলেন, ‘ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচার রোধে নেতা-কর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে।’ মফিজুর রহমান আরও বেশি সৃজনশীল ও কল্যাণমুখী রাজনীতি করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে স্থানীয় নেতারা বিগত দিনে জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিষ্ক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক ক্ষেত্রে দলীয় অনৈক্যের বিষয় তুলে ধরেন। পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহরলাল চৌধুরী বলেন, দলীয় কোন্দল না মেটালে সাতকানিয়া-লোহাগাড়ায় আজীবন জামায়াতের প্রার্থী জয়ী হবেন। কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, নতুন কমিটি দলীয় বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন এবং কোন্দল মিটিয়ে কাজ করতে পারলে তবেই সফল হবেন। উল্লেখ্য, ২০০১ সালের পর থেকে লোহাগাড়ায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এমনকি দলের কেন্দ্রীয় কর্মসূচিগুলোও ঠিকমতো পালিত হয়নি। এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।