অনেক শিশুই এখন কম্পিউটারে ভিডিও গেমসের গাড়ি চালনায় সিদ্ধহস্ত। তবে অস্ট্রেলিয়ার ১২ বছরের এক শিশু যা করেছে, তা অনেক শিশু হয়তো কল্পনায়ও করতে চাইবে না। পারিবারিক গাড়ি নিয়ে পালিয়ে রীতিমতো ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে চলে গিয়েছিল সে। পুলিশ পাকড়াও না করলে হয়তো বাড়ি থেকে ৪ হাজার কিলোমিটার দূরে পার্থ শহরেই চলে যেত শিশুটি।
পুলিশ বলেছে, নিউ সাউথ ওয়েলসের ব্রকেন হিল এলাকায় গত শনিবার শিশুটির গাড়ির বাম্পার খুলে সড়কের সঙ্গে বাড়ি খেতে দেখে সতর্ক হয় পুলিশের একটি টহল দল। এরপরই তারা শিশুটিকে পাকড়াও করে।
পুলিশ আরও জানায়, নিউ সাউথ ওয়েলসের কেন্ডাল থেকে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে যাওয়ার পরিকল্পনা ছিল শিশুটির। গ্রেপ্তার করে ব্রকেন হিল পুলিশ স্টেশনে নেওয়ার পর গত রোববার শিশুটির মা-বাবা তাকে নিয়ে যান। কেন্ডাল থেকে ব্রকেন হিল পর্যন্ত শিশুটিকে ১ হাজার ৩০০ কিলোমিটারের (৮০০ মাইল) পথ পাড়ি দিতে হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, যাত্রাপথে কারও মনে সন্দেহের উদ্রেক না হওয়ার কারণ, শিশুটির দৈহিক গড়ন প্রাপ্তবয়স্কদের মতোই। পুলিশ বলেছে, তার উচ্চতা প্রায় ৬ ফুট। দেখতেও ১৯-২০ বছরের বয়সী বলে মনে হয়।
ব্রকেন হিল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর কিম ফেহন বলেন, সে (শিশুটি) পারিবারিক গাড়ি নিয়ে বেরিয়েছিল। বাড়ি ত্যাগ করার পরপরই তার মা-বাবা পুলিশকে বিষয়টি জানায়।