১২ বছরে ৪৪টি প্রতারণার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাক্তাই-খাতুনগঞ্জে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু হয় শতবর্ষ আগে। তবে প্রতারণার ঘটনা প্রথম ঘটে ১৯৮৬ সালে। সে বছর ব্যবসায়ী বিভূতি রায় ছয় কোটি টাকা পাওনা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান। এর পর থেকে শুরু হয় প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে, ১৯৮৬ সালে প্রথম প্রতারণার ঘটনা ঘটলেও মূলত ২০০০ সাল থেকে এটি ভয়াবহ আকার ধারণ করে। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত গত ১২ বছরে প্রতারণার ঘটনা ঘটেছে ৪৪টি। এসব ঘটনায় সাড়ে ৪০০ কোটি টাকা খুইয়েছেন অন্তত তিন শতাধিক ব্যবসায়ী। প্রতারণাকারী ব্যবসায়ীর সংখ্যা ৪৫। কয়েকটি ঘটনায় সমঝোতার মাধ্যমে পাওনা টাকার কিছু অংশ পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে।বিষয়টি স্বীকার করে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, গত কয়েক বছরে প্রতারণার ঘটনা বেশি ঘটেছে। অনেক ঘটনায় সংগঠন থেকে উদ্যোগ নিয়ে পাওনা টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে। যাঁরা সমঝোতার মাধ্যমে পাওনা টাকার ৫০ থেকে ৮০ শতাংশ পরিশোধ করেছেন, তাঁরা ব্যবসায় ফিরে এসেছেন।সংগঠনের হিসাবে দেখা যায়, ২০০০ সালে আটটি, ২০০৪ ও ২০০৬ সালে ছয়টি করে, ২০০৭ সালে চারটি, ২০০৮ সালে সাতটি, ২০০৯ সালে একটি, ২০১০ সালে তিনটি এবং এ বছর নয়টি প্রতারণার ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রতারণার ঘটনা ঘটে গত মঙ্গলবার। সন্তোষ দে নামের এক ব্যবসায়ী প্রায় আড়াই কোটি টাকা পাওনা না দিয়ে আত্মগোপনে চলে যান। ব্যবসায়ী এই সংগঠন সূত্রে জানা যায়, খাতুনগঞ্জের ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা ঘটে এ বছরের মার্চে। চৌধুরী ব্রাদার্স ও চৌধুরী এন্টারপ্রাইজের দুই মালিক সাইফুল ইসলাম চৌধুরী ও সাইফুল আজম চৌধুরী ৩৮ ব্যবসায়ীর ১৪৮ কোটি টাকা পাওনা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় দুই ব্যবসায়ী ভাইয়ের সম্পত্তি বিক্রি করে পাওনা টাকার কিছু অংশ উদ্ধারে উদ্যোগ নিয়েছিল সংগঠন। কিন্তু শেষ মুহূর্তে সম্পত্তি বিক্রি না করে তাঁরা আত্মগোপনে চলে যান। উল্টো পাওনাদারদের বিরুদ্ধে মামলা করেন দুই ব্যবসায়ীর আরেক ভাই। এ নিয়ে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছেন।এর আগে ২০০৮ সালে মৌলবী আলম ৯০ কোটি, আবছার-মুছা ব্রাদার্স ২১ কোটি, শাহজাহান ট্রেডার্স ২৪ কোটি ও নুরুল আলম চৌধুরী ২০ কোটি টাকা পাওনা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান। পরে সমঝোতার মাধ্যমে মৌলবী আলম ও শাহজাহান ট্রেডার্স পাওনা টাকার কিছু অংশ পরিশোধ করে। এ ছাড়া ২০১০ সালে টিআর ট্রেডিংয়ের এক ব্যবসায়ী ৪৭ কোটি টাকা পাওনা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান। পরে সমঝোতার মাধ্যমে পাওনা টাকার কিছু অংশ পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে, গত ১২ বছরে ৪৪টির মধ্যে মাত্র সাতটি ঘটনায় পাওনা টাকার কিছু অংশ ফেরত পেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বাকি ঘটনায় কোনো টাকা ফেরত পাননি ব্যবসায়ীরা।