১২ হাজার একর বন পাহারায় ১০ প্রহরী!
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের কক্সবাজারের মহেশখালী রেঞ্জের প্রায় ১২ হাজার একর বনাঞ্চল পাহারা দিচ্ছেন মাত্র ১০ জন বনপ্রহরী। অথচ পদ আছে ২০টি। প্রয়োজনের অর্ধেক জনবল দিয়ে বনদস্যুদের কবল থেকে বনাঞ্চল রক্ষা করতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। জানা গেছে, মহেশখালী রেঞ্জের অধীন পাঁচটি বিট কার্যালয়ে ৫০ জন লোকবল থাকার কথা থাকলেও আছেন মাত্র ২২ জন। এর মধ্যে বনপ্রহরী রয়েছেন মাত্র ১০ জন—মুদিরছড়ায় তিনজন, দিনেশপুরে দুই, শাপলাপুরে তিন, কালারমারছড়া ও কেরুনতলীতে একজন। একটি বিট কার্যালয়ে চারজন বনপ্রহরী থাকার কথা। কেরুনতলী বিট কার্যালয়ের একমাত্র বনপ্রহরী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন লোক দিয়ে প্রায় দুই হাজার একর বনাঞ্চল দেখাশোনা সম্ভব হচ্ছে না। একদিকে পাহারা দিতে গেলে অন্যদিকে বনদস্যুরা গাছ কাটার চেষ্টা করে। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে বনাঞ্চল রক্ষার জন্য চেষ্টা করছি।’ মুদিরছড়া বিট কার্যালয়ের বনপ্রহরী শাহ আলম বলেন, ‘পাহারা দিতে গিয়ে বেশ কয়েকবার বনদস্যুর হামলার শিকার হয়েছি। চলতি বছরে এই পর্যন্ত পাঁচবার বনদস্যুর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী জানান, সরকারি বনাঞ্চল রক্ষা করতে হলে চিহ্নিত বনদস্যুদের গ্রেপ্তার করতে হবে, নয়তো বন রক্ষা করা যাবে না। এ ছাড়া অল্পসংখ্যক লোক দিয়ে এত বড় বনাঞ্চল পাহারা দেওয়াও সম্ভব নয়। উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘প্রায় ১২ হাজার একর বনাঞ্চল পাহারা দিচ্ছেন মাত্র ১০ জন বনপ্রহরী। বন রক্ষায় যানবাহন ও লোক নিয়োগের জন্য অনেক লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না। ফলে জোড়াতালি দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।’ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘বন রক্ষায় চিহ্নিত সন্ত্রাসীদের পাশাপাশি বনদস্যুদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।’এ প্রসঙ্গে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু বলেন, ‘বনাঞ্চল রক্ষায় জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগসহ ভেঙে যাওয়া বিট কার্যালয়ের ভবন নতুনভাবে নির্মাণ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’