জামায়াত-শিবিরের তাণ্ডবে বাঁশখালী আদালতের যাবতীয় নথি পুড়ে গেছে। ফলে ১২ হাজার মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে ফৌজদারি ও দেওয়ানি আদালতের চলমান মামলা রয়েছে পাঁচ হাজার ২৫০টি। নথি পাওয়া না গেলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন বাদী-বিবাদীরা। কেউ কেউ অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে জামায়াত শিবিরের নেতৃত্বে হাজার হাজার লোক বাঁশখালী আদালত ভবনে তাণ্ডব চালায়। এ সময় এজলাস কক্ষ, রেকর্ডরুম, হাজতখান, সেরেস্তাদারের কার্যালয়, জিআরও কার্যালয়, সরকারি কৌঁসুলির কার্যালয়সহ সবকিছুতে অগ্নিসংযোগ করে। চলমান ও পুরোনো মামলার বিভিন্ন নথির পাশাপাশি কম্পিউটার, আসবাবও পুড়ে যায়। হাজতখানা ভেঙে দুই আসামিকে ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। আদালত সূত্রে জানা গেছে, রেকর্ডরুমে রক্ষিত ফৌজদারি আদালতের সাজাকৃত আড়াই হাজার ও নিষ্পত্তি এবং খালাসকৃত সাড়ে পাঁচ হাজার মামলার সম্পূর্ণ নথি পুড়ে গেছে। এ ছাড়া আদালতে বিচারাধীন এক হাজার ১৫০টি চলমান মামলা ও দেওয়ানি আদালতের চার হাজারের বেশি মামলার নথি পুড়ে গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুখপাত্র স্টোনো আবদুল আওয়াল বলেন, আমাদের রেকর্ডকক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পুড়ে গেছে সাত হাজার মামলার নথি। এ ছাড়া আমাদের চলমান মাত্র ফৌজদারি সাড়ে পাঁচ শ ও দেওয়ানি আদালতের চার হাজার ১০০ মামলার নথি আমরা রক্ষা করতে পেরেছি। পুড়ে গেছে বেশির ভাগই।’ আদালত সূত্রে জানা গেছে, জামায়াত শিবিরের এই তাণ্ডবে আদালতে রক্ষিত একই সঙ্গে বাঁশখালী মৌজার বাংলাদেশ জরিপ (বিএস) ও ব্রিটিশ জরিপের (আরএস) ভলিয়মও পুড়ে গেছে। এতে বিরাট সমস্যায় পড়বে আদালত ও সাধারণ জনগণ। জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই আদালতের পুরোনো এবং চলমান নথি নষ্ট হওয়ার কারণে বিচারপ্রক্রিয়া তীব্র বাধার সম্মুখীন হবে। এ নিয়ে আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে দুইটি মামলা ও একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিটি করেছেন সরকার পক্ষের অতিরিক্ত কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর। তাঁর করা সাধারণ ডায়েরিতে হাজতখানা ভেঙে দুই আসামি ছিনতাইয়ের কথাও উল্লেখ করা হয়। বিকাশ বলেন, অগ্নিকাণ্ড ও তাণ্ডবের কারণে যাবতীয় নথি নষ্ট হয়ে গেছে। ট্রায়াল আদালতের ৪৯৫টি সিডি সম্পূর্ণ পুড়ে গেছে। এসব নথি যদি পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল সাতকানিয়ার কাছে থাকে, তাহলে অগ্রসর হওয়া যাবে। কিন্তু যেসব মামলার নথি রেকর্ড কক্ষ কিংবা চলমান ছিল তার নথি কোথায় পাবে? এতে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।জানা গেছে এ ব্যাপারে আদালতের পক্ষ থেকে আইন সচিবসহ বিভিন্ন ঊর্ধ্বতন মহলকে ইতিমধ্যে অবগত করা হয়েছে। তাতে কীভাবে সামাল দেওয়া যাবে সে বিষয়ে পরামর্শও চাওয়া হয়েছে। দেওয়ানি আদালতের বেঞ্চ সহকারী কবির আহমদ বলেন, যখন ওরা আগুন দিচ্ছিল তখন আমরা ঝুঁকি নিয়ে ৯৫০টির মতো নথি উদ্ধার করতে পেরেছি। বাকি চার হাজারের বেশি নথির কী হবে?একইভাবে আবদুল আওয়াল বলেন, রেকর্ডরুমে এই আদালত প্রতিষ্ঠার পর থেকে যত মামলা সম্পন্ন হয়েছে তার নথি সংরক্ষণ ছিল। কিন্তু নিম্ন আদালতে রায়ের পরও এখনো অনেক মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া নিষ্পত্তি হওয়া কিংবা সাজা হওয়া অনেক মামলার আসামি এখনো ধরা পড়েনি। তারা যদি ধরা পড়ে তখন মামলার নথিটি দরকার হবে। প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত হওয়া মামলায় মাত্র ৬০০ মামলার ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রভাব ফেলবে না বলে তিনি জানান। অন্য সব চলমান মামলা কিংবা রেকর্ড রুমে রক্ষিত নথির ক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলবে। বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল বলেন, টাকার অঙ্কে এই ক্ষয়ক্ষতি নির্ধারণ করার ক্ষমতা নেই। এটা অসীম ক্ষতি। অনেক দিন এই ক্ষতির বোঝা টানতে হবে।