১২৪ বছর পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচ্ছে বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক ভিত্তি পাওয়ার ১২৪ বছর পর বন্দরের পরিচালন কর্মকাণ্ডের সিংহভাগই স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচ্ছে। কনটেইনার ব্যবস্থাপনায় ‘কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম-সিটিএমএস’ নামে এ প্রকল্পের ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী মাসে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।এ প্রকল্প ছাড়াও জাহাজ চলাচল তদারকিতে হাতে নেওয়া হয়েছে ‘ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-ভিটিএমআইএস’ নামে নতুন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু থেকে সমুদ্রের দিকে ২০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা এ প্রযুক্তির মাধ্যমে তদারকি করা যাবে। এতে যেমন বন্দর চ্যানেল ও বহির্নোঙরে জলদস্যুতা কমবে তেমনি সম্ভাব্য বিপদ থেকে জাহাজগুলোকে সতর্ক করা সম্ভব হবে। এ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব ৫ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এ দুটি বড় প্রকল্প চালু হলে বন্দরের সিংহভাগ পরিচালন কর্মকাণ্ড স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আসবে। এর আগে বন্দরের ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত ও হাসপাতাল ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে ডিজিটাল ব্যবস্থা। বন্দর সূত্রে জানা গেছে, ‘কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম-সিটিএমএস’ নামে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে ব্যবহারকারীরা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারবেন। এ প্রকল্প বাস্তবায়নের জন্য এখন ব্যবহারকারী ও বন্দরের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ৩৭ কোটি টাকা চুক্তিমূল্যে এ প্রকল্পের কাজ শেষ হচ্ছে আগামী মাসে। বন্দরের এক প্রতিবেদনে দেখা গেছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে জাহাজ ও কনটেইনার ওঠানামার যন্ত্রপাতির অনেক ‘অপচয় ঘণ্টা’ বেঁচে যাবে। বন্দর ইয়ার্ডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। পণ্য আমদানি ও রপ্তানির দালিলিক কাজ কমবে ৮০ শতাংশ। জাহাজের গড় অবস্থান কমে যাওয়ায় বার্থের উৎপাদনশীলতা বাড়বে। কনটেইনারের গড় অবস্থান হ্রাস পাওয়ায় ইয়ার্ড ক্ষমতা বাড়বে। ব্যবহারকারীদের দ্রুত বিল প্রদান ও পরিশোধ করা সম্ভব হবে। বন্দর ব্যবহারকারীরা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্যাদি, জাহাজ ও কনটেইনারের অবস্থান জানা, প্রয়োজনীয় কাগজপত্র জমা, বিল গ্রহণ ও পরিশোধ সম্পাদন করতে পারবেন। বন্দর চেয়ারম্যান কমডোর এম এ ইসলাম প্রথম আলোকে বলেন, এ প্রকল্প ভালোভাবে বাস্তবায়নের জন্য শেষ মুহূর্তের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের দক্ষতা ও উৎপাদনশীলতা অনেক বাড়বে।