১৩ গ্রামের জন্য একটি কাঠের সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছড়ার নাম দুধুকছড়া। ছড়াটির নামে গ্রামের নাম হয়েছে দুধুকছড়া। এ ছড়ার কূল ঘেঁষে এপার-ওপারে গড়ে উঠেছে ১২টি দোকান। এ দোকানগুলো ঘিরে বসে গ্রাম্য বাজার। এটি বর্তমানে দুধুকছড়া বাজার নামে পরিচিত। বাজার এলাকায় দুধুকছড়ার ওপর একটিমাত্র কাঠের সেতুই এলাকাবাসীর যাতায়াতের একমাত্র ভরসা। নড়বড়ে এ সেতু দিয়ে দুধুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীসহ গ্রামের কয়েক শ মানুষ প্রতিদিন আতঙ্কের মধ্য দিয়ে আসা-যাওয়া করে। এ ছাড়া, লোগাং ইউনিয়ন ও চেংগী ইউনিয়নের ১৩টি গ্রামের বিভিন্ন পাড়ার লোকজনও এ সেতু দিয়ে প্রতিদিন দুধুকছড়া বাজার, লোগাং বাজার ও পানছড়ি বাজারে যাতায়াত করে। বিশেষ করে কোনো পণ্য নিয়ে সেতু পারাপারে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। তাঁদের আশঙ্কা, বর্ষা মৌসুমে ছড়ার পানিপ্রবাহ বেড়ে যাবে। ভেঙে পড়বে কাঠের সেতুটিও। এতে সংশ্লিষ্ট সবার দুর্ভোগের সীমা থাকবে না। প্রতিবছর বর্ষায় তাদের এ রকম দুর্ভোগে পড়তে হয় বলে জানান ভুক্তভোগীরা। জানা যায়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগ মুহূর্তে লোগাং ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের আওতায় ৪০ হাজার টাকা ব্যয়ে দুধুকছড়ার ওপর একটি গাছের সেতু নির্মাণ করা হয়। দুধুকছড়া বাজারের মুদি দোকানদার ও চেংগী ইউনিয়নের সাবেক সদস্যা রমা দেবী চাকমা এ প্রসঙ্গে বলেন, ‘এ সেতুর ওপর চার-পাঁচজন মানুষ উঠলেই সেতুটি দোলনার মতো দুলে ওঠে। তাই অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ইচ্ছে করেই সেতুর ওপর দোল খায়। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় আমার খুব ভয় হয়।’ ছড়াটির ওপর একটি পাকা সেতু নির্মাণ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। ১ নম্বর লোগাং ইউনিয়নের সদস্য রাত্তো মুনি চাকমা বলেন, ‘সেতুটি পাকা হলে লোগাং ও চেংগী ইউনিয়নের শুভল চন্দ্রপাড়া, বিচিত্র কার্বারিপাড়া, করপ চন্দ্রপাড়া, লাল মোহনপাড়া, কালারামপাড়া, শোভারাম পাড়া, শান্তিমোহনপাড়া, অমরেন্দ্রপাড়া, দুর্গামুনি পাড়াসহ ১৩ গ্রামের মানুষের লোগাং ও পানছড়ি বাজারসহ বিভিন্ন স্থানে আসা-যাওয়া সহজ হতো।’ পানছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, চলতি বছরে দুধুকছড়ার ওপর একটি বড় কালভার্ট (সেতু) করার জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিউপজেলায় এ বছর পাঁচটি বড় কলভার্ট করা হচ্ছে। দুধুকছড়ার ওপরও ২৫ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করার পরিকল্পনা আছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনে আবেদন করা হয়েছে।