১৩ চিকিত্সকের ১০ জনই থাকেন শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের খুব কাছেই পটিয়া উপজেলা। এ কারণে চিকিত্সকেরা সেখানে থাকতে চান না, শহরেই থাকতে পছন্দ করেন। তাঁরা শহর থেকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা-যাওয়া করেন।গত বুধবার সকাল নয়টায় দন্ত বিভাগের সার্জন মাজহারুল হাসানের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। জানতে চাইলে পটিয়া স্বাস্থ্য কর্মকর্তা সঞ্জিত দাশ ও দন্ত বিভাগের সহকারী নাহিদা সুলতানা বলেন, ‘তিনি আছেন কোথায়ও, হয়তো বাইরে গেছেন।’ ১১টায় দেখা গেল তিনি চট্টগ্রাম থেকে আসা একটি গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকেন। রোগী আবুল হাসেম ক্ষোভের সুরে বলেন, ‘ডাক্তারেরা শহরের মানুষ। গ্রামের হাসপাতালে আসতে একটু দেরি হবেই।’ জ্বর নিয়ে চার দিন আগে ভর্তি হলেও তেমন চিকিত্সা পাননি বলে জানান তিনি।হাসপাতালে ১৩ জন চিকিত্সকের মধ্যে ১০ জনই থাকেন চট্টগ্রাম শহরে। তাঁরা হচ্ছেন কনসালটেন্ট জিন্নাত আরা চৌধুরী, মাজহারুল হক, জামশেদ আলম, নাসিম হাসান, চিকিত্সা কর্মকর্তা মাজহারুল হাসান, আফতাবুল ইসলাম, মোহাম্মদ আকতারুল আলম, প্রিয়াশ্রী দাশ, রুহুল মঞ্জুর, মিনহাজ উদ্দিন ও আবু রশিদ মোহাম্মদ মাশরুফ। তাঁরা চট্টগ্রাম শহর থেকে আসা-যাওয়া করতে গিয়ে নির্দিষ্ট সময়ের এক থেকে দু ঘণ্টা দেরিতে পৌঁছেন হাসপাতালে। ফলে সংশ্লিষ্ট রোগীদের অপেক্ষার প্রহর গুনতে হয়। আবাসিক চিকিত্সা কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রসূতি, সার্জারি, নাক, কান ও গলা এবং শিশুরোগ বিশেষজ্ঞ থাকলেও প্রয়োজনীয় চিকিত্সা উপকরণের অভাবে রোগীদের উন্নত চিকিত্সা দেওয়া যায় না। এদিকে তিনজন চিকিত্সা কর্মকর্তাসহ মেডিসিন, চক্ষু, কার্ডিওলজি, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিত্সকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিত দাশ জানান, ৫০ শয্যার জন্য প্রয়োজনীয় আসবাব ও অস্ত্রোপচারের যন্ত্রপাতি পাওয়া গেলে এখানে জটিল রোগের চিকিত্সা দেওয়া সম্ভব।