১৩ জনকে জীবন্ত কবর দিয়ে উল্লাস করে হানাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবহেলায় পড়ে আছে রাঙ্গুনিয়ার পোমরার গণকবরটি  প্রথম আলো
অবহেলায় পড়ে আছে রাঙ্গুনিয়ার পোমরার গণকবরটি প্রথম আলো

১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর। পাকিস্তানি বাহিনীর ৫০-৬০ জনের একটি দল রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তিরহাটের উত্তর দিকে মধুরাম তালুকদারপাড়ায় হামলা চালায়। নারী-পুরুষ-শিশু-কিশোর-বৃদ্ধনির্বিশেষে সবার ওপর নির্মম অত্যাচার চালায় তারা। একপর্যায়ে রশি দিয়ে একে একে ১৮ জন পুরুষকে বেঁধে, পিটিয়ে টেনে-হিঁচড়ে পোমরা বনবিটের সামনের সেনা ক্যাম্পে নিয়ে যায়।

তাঁদের নির্মম পরিণতির কথা ভেবে শত শত নারী-পুরুষ ছুটে যান ক্যাম্পে। তাঁরা সেনাদের পা ধরে অনেক কান্নাকাটি করার পর সবচেয়ে বয়স্ক পাঁচজনকে আধমরা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। তাঁরা হচ্ছেন অশ্বিনী দাশ, হরে কৃষ্ণ দাশ, মনমোহন দাশ, মনীন্দ্র দাশ ও হরিকিষ্ট দাশ। তাঁদের কেউ আজ বেঁচে নেই। বাকি ১৩ জনকে দিয়ে গর্ত খুঁড়িয়ে ওই গর্তেই তাঁদের জীবন্ত কবর দিয়ে উল্লাস করে হানাদারেরা। এই ১৩ জনের মধ্যে ১০ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন মন্টু আইচ, গান্ধী দাশ, বাবুল দাশ (১), বাবুল দাশ (২), বীরাজ দে, বোঁচা দে, ফকির চাঁদ দাশ, খোকা দাশ, দুলাল দাশ ও শচীন দাশ। সেদিনের স্মৃতি এখনো ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা।

সরেজমিন দেখা যায়, গণকবরটি এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে। শহীদদের স্মৃতিচিহ্নটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার গোচরা চৌমুহনী থেকে মাত্র ৫০ গজ দূরে গণকবরটি এখন ঘাস, লতাপাতা, গাছগাছালিতে ছেয়ে আছে। স্থানীয় লোকজন জানান, সরকারি-বেসরকারি কোনো সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ কিংবা রাজনৈতিক দলগুলো এই গণকবরে সম্মান জানানো দূরে থাক, কোনো খোঁজখবর পর্যন্ত নেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শী পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা জহির আহমদ চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা পোমরা-বেতাগীতে একে একে সফল অপারেশনের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর সদস্যদের পর্যুদস্ত করে চলছিলেন।
পোমরা গণহত্যার দুদিন আগে শান্তিরহাটের উত্তরে ৩৩ হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ টাওয়ার ধ্বংস করে দেন মুক্তিযোদ্ধারা। এতে পাকিস্তানি বাহিনী ভীষণ বোকায়দার পড়ে। এর প্রতিশোধ নিতেই মূলত এ গণহত্যা চালানো হয়। এর কিছুদিন পর পোমরা হানাদারমুক্ত হলে গণকবরটি খুঁড়ে লাশ আনার উদ্যোগ নিয়েছিলেন অনেকেই। কিন্তু পচা দুর্গন্ধের জন্য তখন তা সম্ভব হয়নি।
জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর জানান, গণকবরটি সংরক্ষণ ও এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরির জন্য একটি প্রস্তাব দুই বছর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সিদ্ধান্ত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ মন্টু আইচের ছেলে খোকন আইচ বললেন, ‘আমরা কারও করুণা বা সাহায্য চাই না। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দ্রুত বাস্তবায়ন ও গণকবরটি সংরক্ষণ করে শহীদের যথাযথ মর্যাদা দেওয়া হলে সেটি হবে আমাদের পরম পাওয়া।’