
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি বা বাসে যাওয়ার সময় একটি দৃশ্য চোখে পড়ে। ফিলিং স্টেশনে কয়েকজন নারী পেট্রল, অকটেন ও ডিজেল গাড়িতে ভরে দেওয়ার কাজ করছেন। এই দৃশ্য খুব একটা চেনা নয় আমাদের সমাজে; তবু নারীরা এমন পেশায় কাজ করছেন। তেমনই একজন লিপি আক্তার। নারায়ণগঞ্জের বন্দর কামতাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্লানা ফিলিং স্টেশনে ১৩ বছর ধরে কাজ করছেন তিনি। এই ফিলিং স্টেশনে লিপি ছাড়াও আরও পাঁচজন কাজ করেন। এই স্টেশনে লিপিই কাজের দিক দিয়ে সবচেয়ে অভিজ্ঞ।
জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর আগে স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর লিপির স্বামী বেছে নেন এই ফিলিং স্টেশনে গাড়িচালকের কাজ। এখানে কাজ শুরু করেন লিপিও। ১৬ আগস্ট ফিলিং স্টেশনে কথা হয় তাঁর সঙ্গে। ব্যতিক্রমধর্মী এই কাজ বেছে নিয়েছিন কেন? বললেন, ‘আমি যখন কাজ শুরু করি, আমার জানামতে তখন আর কেউ এই কাজ করতেন না। অন্য কাজের তুলনায় পরিশ্রম ও ঝুঁকি কম। এমনকি নিরাপদও।’
লিপি আক্তারের দিন শুরু হয় ভোর পাঁচটা থেকে। সকালে উঠে সংসারের কাজ গুছিয়ে ছয়টায় কাজে যান। ফিলিং স্টেশনের কাছেই বাড়ি হওয়ায় একফাঁকে বাড়িতে গিয়ে তিন সন্তানের খোঁজ নিয়ে আসেন। দিনে আট ঘণ্টা কাজ করতে হয় এখানে। ১৩ বছরে নানা রকমের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন লিপি। এখনো এই পেশায় নারীদের কম আসতে দেখা যায়। তবে তিনি মনে করেন, নিজের ব্যক্তিত্ব ও যোগত্যা থাকলে এই পেশাতেও ভালো করা সম্ভব। প্রথম দিকে আশপাশের অনেক মানুষ, এমনকি গাড়িতে থাকা ব্যক্তিরা নেতিবাচক মন্তব্য করতেন। এখন সমাজের অনেক পরিবর্তন হয়েছে। আজকাল সবাই লিপিসহ অন্যদের অনুপ্রাণিত করছেন।
লিপি আক্তারের দুই মেয়ে ও এক ছেলে। ছোট সন্তানটি ছাড়া অন্যরা স্কুলে লেখাপড়া করছে। লিপির সব চাওয়া এখন সন্তানদের ঘিরে। নিজে লেখাপড়া শিখতে পারেননি, কিন্তু ছেলেমেয়েরা মানুষ হবে—এমন স্বপ্ন তাঁর। আর যত দিন সুস্থ থাকবেন, তত দিন কাজ করে যেতে চান তিনি।