১৩ বছরেও রাঙ্গুনিয়া যুবলীগের সম্মেলন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরেও রাঙ্গুনিয়া যুবলীগের সম্মেলন হয়নি। এ নিয়ে নেতা-কর্মীরাও হতাশ। ২০১০ সালের ১৫ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণের পর সব প্রস্তুতি সম্পন্ন করেও দুই উপদলে (গ্রুপ) সংঘর্ষে জড়িয়ে পড়লে শেষ মুহূর্তে এসে সম্মেলন স্থগিত হয়ে যায়। নেতা-কর্মীরা জানান, ১৯৯৭ সালের অক্টোবরে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন নজরুল ইসলাম সভাপতি ও আব্দুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর নির্যাতন-নিপীড়নে কোণঠাসা হয়ে যান যুবলীগের নেতা-কর্মীরা। হামলা-মামলা এড়াতে নেতাদের অনেকেই তখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। ফলে তখন সংগঠিত হওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে ২০০৮ সালের শেষ দিকে যুবলীগের নেতা সামশুদ্দোহা সিকদারকে আহ্বায়ক করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি তখন থেকে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন কমিটি গঠনের কাজ শুরু করে। এ প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন জানান, আহ্বায়ক কমিটি ১৫ ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন করেছে। গত ১৫ নভেম্বর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সাধারণ সম্পাদক প্রার্থী নিয়ে উপজেলা আওয়ামী লীগের কিছু নেতা প্রভাব বিস্তার করায় সম্মেলন স্থগিত হয়ে যায়। তিনি জানান, সম্মেলনে সভাপতি পদে আহ্বায়ক সামশুদ্দোহা সিকদার প্রার্থী হন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তখন কেউ ছিলেন না। কিন্তু সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহ্বায়ক কাঞ্চন চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখর বিশ্বাস, সদস্য শেখ ফরিদ, সহপাঠাগার-বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফারুখ তালুকদার প্রার্থী হওয়ার ঘোষণা দেন। শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন জানান, সম্মেলনের তারিখ ঘোষণা হলে শোডাউন-পাল্টা শোডাউন হয়। একপর্যায়ে রাঙ্গুনিয়া থানার সামনে দুই উপদলের মধ্যে সংঘর্ষও হয়। ফলে গণ্ডগোলের আশঙ্কায় স্থগিত করা হয় উপজেলা যুবলীগের সম্মেলন। চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বলেন, সম্মেলন হলে প্রার্থীদের লবিং হবে—এটাই স্বাভাবিক। কিন্তু প্রভাব বিস্তার করে অন্যকে থামিয়ে দেওয়ার প্রবণতা সৃষ্টি হওয়ায় সম্মেলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এখন। এতে দলের কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে বলে তিনি মন্তব্য করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক সামশুদ্দোহা সিকদার বলেন, ‘সম্মেলনে আমার সভাপতি হওয়া নিয়ে কোনো প্রতিবন্ধকতা নেই। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া নিয়েও কোনো সমস্যা আছে বলে মনে করি না। তবে সম্মেলন ছাড়া নেতৃত্ব প্রতিষ্ঠায় তো ভূমিকা রাখতে পারি না। যা জোর করে আমার কাছ থেকে আদায়ের চেষ্টা করছে আওয়ামী লীগের একটি মহল।’ সাংগঠনিক নীতিমালার আওতায় সম্মেলন অনুষ্ঠানে তিনি সবার সহযোগিতা কামনা করেন।