১৩টি রোগনিরূপণকেন্দ্র বন্ধের নির্দেশ উখিয়ায়
উখিয়ায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া পরিচালিত ক্লিনিক, রোগনিরূপণকেন্দ্র (প্যাথলজি সেন্টার) ও দন্তচিকিৎসাকেন্দ্রের (ক্লিনিক) কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স ১৯৮২ অনুসারে এ নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনভিজ্ঞ লোক দিয়ে রক্ত, কফ, মলমূত্রসহ বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—মরিচ্যা বাজারের সরকার ল্যাব (সরকার ফার্মেসি), ইসলাম প্যাথলজি সেন্টার, মরিচ্যা প্যাথলজি সেন্টার, পাগলিরবিল প্যাথলজি ল্যাব, পাগলিরবিল মেডিকেল টেস্ট ল্যাব সেন্টার, রত্নাপালং ইউনিয়নের কোটবাজার সেঞ্চুরি ল্যাব, কোটবাজার জমজম মার্কেটের ডেন্টাল প্যাথলজি, পালং প্যাথলজি সেন্টার, ডেন্টাল মুছা ফার্মেসি, উখিয়া সদরের জালাল প্যাথলজি সেন্টার, জান্নাত প্যাথলজি সেন্টার, সোনারপাড়া বাজারের সোনারপাড়া প্যাথলজি সেন্টার ও পালংখালী মডার্ন প্যাথলজি সেন্টার। জানা যায় এ ১৩ প্রতিষ্ঠানের মধ্যে ১২টিই কোনো অনুমোদন নেয়নি। পালং প্যাথলজির অনুমোদন নেওয়া হলেও ২০০৯ সালের পর তা নবায়ন করা হয়নি। এসব প্রতিষ্ঠান সিলগালা করার জন্য উখিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্দেশ কার্যকর হয়নি বলে জানা গেছে।পালং প্যাথলজির স্বত্বাধিকারী সেলিম উল্লাহ জানান, তাঁদের অনুমতিপত্রের (লাইসেন্স) মেয়াদ ২০০৯ সালে উত্তীর্ণ হয়ে গেছে। বর্তমানে নবায়নের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এ এম এম ছায়েফ উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ ৩ অক্টোবর হাতে পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি ছুটিতে থাকায় কয়েকদিন দেরি হয়ে গেছে।’ কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া এ প্রসঙ্গে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনা অনুযায়ী উখিয়ার ১৩টি অনুমোদনবিহীন ক্লিনিক ও প্যাথলজি সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই এসব অবৈধ প্রতিষ্ঠান চালাতে দেওয়া হবে না।’