
মা-শাশুড়ির শাড়ি, ভাইয়ের পাঞ্জাবি-জুতা—ঈদের এসব উপহার এবার অনলাইনে কিনেছেন চাকরিজীবী রায়না হাসান। তাঁর কথা, ‘সপ্তাহে এক দিন ছুটি পাই। রোজা থেকে যানজট ঠেলে মার্কেটে যাওয়ার শক্তি থাকে না। যদি ঘরে বসেই সব পাওয়া যায়, কে কষ্ট করতে চায়?’
১৪ ইঞ্চি ল্যাপটপকম্পিউটারের পর্দায় ভেসে ওঠা ভার্চ্যুয়াল বিপণিবিতানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সময় বাঁচাতে বা ভিড় এড়াতে অনেকেই এখন ঘরে বসে অনলাইনে ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন। আঙুলের ছোঁয়ায় পছন্দের সামগ্রীটি নির্বাচন করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়েও যাচ্ছেন একেবারে দোরগোড়ায়। বেশির ভাগ ক্ষেত্রেই পণ্য হাতে পাওয়ার আগে কোনো দামও দিতে হচ্ছে না।
দেশে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ সালে বাংলাদেশে ৩০ থেকে ৫০ লাখ মানুষ অনলাইনে কেনাকাটা করেছে। অনলাইন ব্যবসায়ীদের মতে, বাংলাদেশে ফেসবুকে কেনাবেচা বা এফ-কমার্সের পেজের সংখ্যা এখন প্রায় ১০ হাজার। পোশাক, গয়না, জুতা, ঘর সাজানোর সামগ্রী সবকিছুর খোঁজ মিলছে ফেসবুকের পাতায়।
ফেসবুকভিত্তিক পোশাকের দোকান ‘পটের বিবি’র স্বত্বাধিকারী ফোয়ারা ফেরদৌস বললেন, অনলাইনে কেনাকাটার সুবিধা হলো, কম্পিউটারে একসঙ্গে ১০টা উইন্ডো খুলে ১০টা দোকান থেকে পছন্দ করে কেনা যায়। কিন্তু যানজটের কারণে দুই-তিনটা শপিং সেন্টারে ঘুরতে গেলে সারা দিন কেটে যায়। নতুন উদ্যোক্তাদের জন্যও এফ-কমার্স বেশ সুবিধাজনক বলে মনে করেন ফোয়ারা। ফেসবুকে পেজ খুলতে কোনো খরচ নেই।
দোকান ভাড়া নেওয়ার দরকার হয় না। অল্প পুঁজিতেই ব্যবসা শুরু করা যায়। পটের বিবির ঈদ-সংগ্রহে নিজস্ব ডিজাইনে প্রায় তিন শ টি দেশীয় শাড়ি, ওড়না, সেলাই ছাড়া কামিজ আছে। দাম ১ হাজার ২০০ থেকে ৫ হাজার টাকা।
অনলাইনভিত্তিক জুতার দোকান ফুটিন-এর ফেসবুক পাতায় এখন ভেসে বেড়াচ্ছে লাল, নীল, হলুদ, আকাশি, বেগুনি রঙের জুতার ছবি। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডেভেলপার মেহরুবা হক বললেন, ঈদে প্রায় ৭৩টি ডিজাইনের জুতা এনেছেন তাঁরা। চলতি ট্রেন্ড অনুযায়ী সবগুলো জুতাই বেশ উজ্জ্বল রঙের। মেয়েদের জুতার দাম ৫৯৯-১১৯৯ টাকা। ১ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ছেলেদের জুতা।
টাঙ্গাইলের তাঁতিদের কাছ থেকে সরাসরি নিয়ে আসা শাড়ি দিয়ে সাজানো উইংস অব বাটারফ্লাই অনলাইন এবং অফলাইনে ব্যবসা করছে। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইশরাত জাহান জানালেন, বেইলি রোডে শোরুমে গিয়ে শাড়ি কেনার ক্রেতা কম হলেও ঈদে অনলাইনে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে।
প্রসাধন কেনার ক্ষেত্রেও অনেকে বেছে নিচ্ছেন অনলাইন মাধ্যমকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৈতালী চৈতি ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে অনলাইনে লিপস্টিক-নেলপালিশ কিনেছেন। বললেন, ঈদের সময়ই সারা বছরের দরকারি প্রসাধনগুলো কেনা হয়। অনলাইন দোকানগুলোর সুবিধা হলো, এগুলোয় বাইরের অনেক ব্র্যান্ডের প্রসাধনসামগ্রী পাওয়া যায়, যা ঢাকার বাজারে নেই।
ফেসবুকে প্রসাধনীর দোকান ‘মারজুকস’র স্বত্বাধিকারী মীম সাবিহা সাবরিন বলেন, ঈদ উপলক্ষে মেয়েদের সাজগোজের নানা উপকরণের নতুন চালান এনেছেন তাঁরা। প্রসাধনীর দামেও ছাড় দিচ্ছেন। যুক্তরাজ্যের জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডগুলোর পণ্য পাওয়া যাবে তাদের পেজে। দাম পাঁচ শ টাকা থেকে পাঁচ হাজার টাকা।
অনলাইনে গয়নার দোকানের সংখ্যাও নেহাত কম নয়। ফেসবুকভিত্তিক গয়নার দোকান ‘বোকা বাক্স’ হাতে তৈরি গলার মালা, আংটি, কানের দুল দিয়ে তাদের ঈদের সংগ্রহ সাজিয়েছে। কাঠের মালা আর আংটির দাম ২০০ থেকে ৮০০ টাকা। টিনের ওপর ছবি আঁকা গয়নার বাক্স পাওয়া যাবে দুই থেকে আড়াই হাজার টাকায়।
অনলাইনে কেনাকাটার নানা সুবিধা থাকলেও অনেক ক্রেতাই দেখেশুনে পণ্যটি কিনতে পছন্দ করেন। অনলাইনে কেনাকাটা নিয়ে ক্রেতাদের পক্ষ থেকে প্রতারণার অভিযোগও আছে। শান্তিনগরের বাসিন্দা তহুরা ইসলাম বললেন, ছবি দেখে শাড়ি কিনলে কাপড়ের মান, দৈর্ঘ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। নিজে দেখে কিনলে ঠকার সম্ভাবনা কম।
তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক ফ্যাশন হাউস স্থায়ী দোকানের পাশাপাশি অনলাইন মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে। আড়ং, কে-ক্রাফট, রঙ বাংলাদেশ, ইয়েলোসহ বেশ কিছু বড় ফ্যাশন হাউসের ঈদের পোশাক-অনুষঙ্গ এখন অনলাইনেও বিক্রি হচ্ছে।