১৪ কোটি টাকার প্রকল্পের সুফল নেই!
হালদা নদীতে শুরু হয়েছে মা-মাছের আনাগোনা। ডিম সংগ্রহের জন্য জাল আর নৌকা নিয়ে তৈরি স্থানীয় লোকজন। কিন্তু ১৪ কোটি টাকা ব্যয়ে হালদা প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না। লিখেছেন হামিদ উল্লাহদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী নিয়ে ১৪ কোটি টাকার প্রকল্প শেষ হবে ২০১২ সালে। ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প’ নামের পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের সুফল নেই। ডিম সংগ্রহকারী ও জেলেরা অভিযোগ করেন, প্রকল্পের বেশির ভাগ সময় চলে গেলেও তাঁরা এর সুফল পাচ্ছেন না। প্রসঙ্গত, কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই হালদা প্রকল্প নেওয়া হয়। জানা যায়, প্রকল্পের আওতায় নদীর ২০ কিলোমিটারের মধ্যে ইঞ্জিনচালিত নৌকা চলাচল ও মাছ ধরা বন্ধের উদ্যোগ নেওয়ার কথা ছিল। কিন্তু হালদায় দিনে-রাতে চলছে ইঞ্জিনের নৌকা। প্রকল্প এলাকায় প্রকাশ্যে মাছ ধরা বন্ধ রয়েছে। তবে মদুনাঘাট সেতুর নিচে হালদা ও কর্ণফুলী নদীর সঙ্গমস্থলে প্রকাশ্যে মাছ ধরা হয়। এলাকাটি প্রকল্পের আওতার বাইরে হওয়ায় সেখানে মৎস্য কর্মকর্তাদের তৎপরতাও নেই। হালদা প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতি দে প্রথম আলোকে বলেন, ‘হালদা প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। প্রকল্প বাস্তবায়নে আমরা কিছু কার্যকর ব্যবস্থা নিচ্ছি। ক্ষুদ্রঋণের পাশাপাশি জেলেদের জন্য মাসে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।’জানা যায়, হালদায় মা-মাছের অবাধে আসা-যাওয়া নিশ্চিত করা, নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা, আধুনিক পদ্ধতিতে ডিম সংগ্রহ ও পোনা ফোটানো এবং স্থানীয় জেলেদের পুনর্বাসনের লক্ষ্যে ২০০৭ সালের জুলাই মাসে প্রকল্পটি গ্রহণ করে সরকার। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কারোরই হালদা থেকে ডিম সংগ্রহ, পোনা ফোটানো ও সংরক্ষণ সম্পর্কে সম্যক ধারণা নেই। জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কমিটির বেশির ভাগ সদস্য চাকরিজীবী। তাঁদের মধ্যে আছেন জেলা মৎস্য কর্মকর্তা, হাটহাজারী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুই উপজেলার মৎস্য কর্মকর্তা ও স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অথচ হালদা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব শিক্ষক ও পেশাজীবী দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, তাঁদের এখানে রাখা হয়নি। হালদা থেকে ডিম সংগ্রহ করে পোনা উৎপাদনকারী জেলেরাও প্রকল্প সম্পর্কে কিছু জানেন না। প্রকল্পের মধ্যে ছিল স্থানীয় জেলেদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্রঋণদান, হালদা নদীর ভাঙন রোধে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও নদী খনন। এর মধ্যে সর্বোচ্চ ছয় কোটি টাকা ব্যয় ধরা হয় নদী খননে। কিন্তু প্রকল্পের শুরু থেকেই হালদা গবেষক ও স্থানীয় জেলেরা খননের বিরোধিতা করে বলেন, এতে মাছের নিরাপদ আবাসস্থল নষ্ট হবে। নদী খননের ব্যাপারে জবাবদিহি ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন ওঠে। নানা বিরোধিতার মুখে নদীখননের কাজ বন্ধ থাকে। তবে নদীর পাড়ে ৩০ হাজার গাছের চারা লাগানোর কথা থাকলেও সব মিলিয়ে ৫০০ গাছের চারাও এখন নেই বলে অভিযোগ করেন হালদাপাড়ের লোকজন। গরদুয়ারা এলাকার ডিম সংগ্রহকারী মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আমাদের ঋণ দেওয়া হচ্ছে ১০ হাজার টাকা করে। আমাদের দরকার এক লাখ টাকার বেশি। কিন্তু সেটা আমরা পাই না।’ এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা ও প্রকল্প পরিচালক প্রভাতি দে বলেন, “১০ হাজার টাকা একেবারে কমও নয়। তা ছাড়া আমি ডিম সংগ্রহকারীদের বলেছি, ‘আপনারা সমবায়ভিত্তিতে টাকা নেন।’ কিন্তু তাঁরা একে অপরকে বিশ্বাস করতে চান না।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনজুরুল কিবরীয়া বলেন, ‘হালদা নদী খনন করা হলে মা-মাছের ডিম ছাড়ার পরিবেশ বিপন্ন হতে পারে। নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি নামে। এতে খনন করা হলেও তা আবার ভরাট হয়ে যাবে। তা ছাড়া পরিবেশ বিপর্যয়ের কারণে মা-মাছ ডিম না-ও ছাড়তে পারে। বর্তমানে নদীতে ডলফিনসহ যেসব মাছ ও প্রাণী আছে সেগুলোর আবাস নষ্ট হতে পারে।’