১৪ কোটি বছর আগের উভচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণীটি দেখতে কেঁচো, দুমুখো সাপ কিংবা কুইচ্চার মতো। কিন্তু আসলে এ তিনটি প্রাণীর একটিও নয়। এটির পা নেই, লেজ নেই। কর্মক্ষম চোখও নেই। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে এ প্রাণীর গোত্রের আবির্ভাব প্রায় ১৪ কোটি বছর আগে। আর গত বুধবার বাংলাদেশে প্রথমবারের মতো জীবিত এ প্রাণীর দেখা মিলেছে।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান ও তাঁর দল চিকিলাফুলরি নামের এ প্রাণীটির সন্ধান পান। প্রাণীটির বৈশিষ্ট্য ও সন্ধান কীভাবে মিলল, গতকাল বৃহস্পতিবার জাতীয় উদ্যানে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন রেজা খান। তিনি বলেন, সোনা ব্যাঙ কিংবা কুনো ব্যাঙের মতো এটি একটি উভচর প্রাণী। কিন্তু জীবদ্দশায় এটি কখনো মাটির ওপরে আসে না।গত সেপ্টেম্বর মাসে প্রাণী বিশেষজ্ঞ তানিয়া খান লাউয়াছড়া জাতীয় উদ্যানে অনুসন্ধানকালে মৃত অবস্থায় কেঁচোর মতো একটি প্রাণী পেয়ে রেজা খানকে অবহিত করেন। তারই সূত্র ধরে গত বুধবার প্রাণী সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা জোরদারকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত তিন কর্মকর্তা এবং তানিয়া খানকে নিয়ে অনুসন্ধানে নামেন রেজা খান। মাত্র আধা ঘণ্টার মধ্যে বালুমিশ্রিত কাদাযুক্ত মাটি খুঁড়ে ২০ সেন্টিমিটার নিচে প্রাণীটির খোঁজ মেলে। রেজা খান বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা গেছে, পৃথিবীতে এ গোত্রের প্রাণীর আবির্ভাব প্রায় ১৪ কোটি বছর আগে। লাউয়াছড়ায় খুঁজে পাওয়া দুটি চিকিলাফুলরির বয়স পাঁচ থেকে ছয় বছর হতে পারে। খুঁজে পাওয়া জীবন্ত নমুনা দুটির দৈর্ঘ্য ছিল ১৭ ও ১৯ সেন্টিমিটার। ভারতে ১৯০৪ সালে আসামের একজন বিজ্ঞানী এ প্রাণীর প্রাপ্তির কথা জানান। এ বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় একদল গবেষক পূর্ব ভারতে চিকিলাফুলরি জাতীয় উভচর প্রাণী আবিষ্কারের কথা জানান। প্রাণীটির মুখমণ্ডলে চোয়াল ও দুই পাটি দাঁত রয়েছে। এরা সাধারণত ছোট আকারের কেঁচো বা এজাতীয় প্রাণী খেয়ে থাকে। এ প্রাণী জীববৈচিত্র্যের জন্য খুবই উপকারী। খুঁজে পাওয়া প্রাণী দুটির একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটি গবেষণাকাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক ফরিদ আহমদের সংরক্ষণে রাখা হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ প্রাণীটির পূর্ণ পরিচয় জানা যাবে। তবে এর আচার-আচরণ, গড়ন ইত্যাদি বৈশিষ্ট্যে বোঝা যায়, এটি চিকিলাফুলরি উভচর প্রাণী হবে। রেজা খান আরও বলেন, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ কমলগঞ্জের টুকরা টুকরা বনাঞ্চলসহ সিলেট বিভাগের বনাঞ্চল প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। সরকারের উচিত লাউয়াছড়ায় একটি বন্য প্রাণী গবেষণাগার করে বন্য প্রাণী সংরক্ষণ করা।