১৪ প্রার্থীর ৫২ মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য পদপ্রার্থী হত্যা, ডাকাতি ও মানবপাচারসহ ৫২ মামলার আসামি।
এর মধ্যে হোয়ানক ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল করিম চৌধুরীর বিরুদ্ধে রয়েছে সর্বোচ্চসংখ্যক মামলা। তিনি চার হত্যা, অপহরণসহ ২২ মামলার আসামি। সদস্য পদপ্রার্থীদের মধ্যে বেশি মামলা রয়েছে কুতুবজোম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য আবদুল গফুরের। তিনি হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার আসামি। মহেশখালী থানা-পুলিশ ও প্রার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২২ মার্চ অনুষ্ঠেয় সাতটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬, সংরক্ষিত নারী সদস্যপদে ৮৮ ও সাধারণ সদস্যপদে ৩৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে চার চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ২৫ এবং ১০ জন সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে ২৭ মামলা রয়েছে।
এক প্রার্থীর ২২ মামলা: হোয়ানক ইউপিতে বিএনপির প্রার্থী এনামুল করিম চৌধুরীর ২১টি মামলা আদালতে বিচারাধীন ও আরেকটি তদন্তাধীন রয়েছে। তবে তিনি জামিনে রয়েছেন। আদালতে বিচারাধীন প্রতিটি মামলায় তাঁকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এনামুল করিম চৌধুরী প্রথম আলোকে জানান, জায়গাজমি নিয়ে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাঁকে অহেতুক বিভিন্ন মামলায় আসামি করে। তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের লোকজন বসতবাড়ি পুড়িয়ে ফেলার অভিযোগ এনে আমার নামে আরেকটি মামলা করে। ওই মামলায়ও আদালত থেকে জামিন নিয়েছি। তবে মামলা দিয়ে জনপ্রিয়তা ঠেকানো যায় না।’
তিন চেয়ারম্যান পদপ্রার্থীর তিন মামলা: কালারমারছড়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তারেক বিন ওচমান শরীফ এবং মাতারবাড়ীতে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ কাউসারের নামে পৃথক তিনটি মারামারির মামলা রয়েছে। এর মধ্যে তারেক বিন ওচমান শরীফের মামলাটি আদালতে বিচারাধীন। এই মামলার অভিযোগপত্রে তাঁকে অভিযুক্ত করা হয়। দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর মামলা তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানতে চাইলে মাতারবাড়ী ইউপির আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ উল্লাহ বলেন, ‘গত বছরের ২২ মার্চ মাতারবাড়ী ইউনিয়নের খন্দারবিল এলাকায় স্থানীয় লোকজন জেলা প্রশাসনের ভূমি কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এ সময় আমি বিদ্যালয়ে ছিলাম। কিন্তু এরপরও প্রতিপক্ষের লোকজন জনপ্রিয়তা ঠেকানোর জন্য আমাকে ওই মামলায় আসামি করে। অথচ আমি জড়িত ছিলাম না।’ একইভাবে মোহাম্মদ কাউসারও জানান, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। মামলার ব্যাপারে জানতে চাইলে তারেক বিন ওচমান শরীফ বলেন, আদালতে বিচারাধীন মামলা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
১০ সদস্য পদপ্রার্থীর ২৭ মামলা: কুতুবজোম ইউপির ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আবদুল গফুরের বিরুদ্ধে একটি হত্যা, একটি ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি পলাতক রয়েছেন।
এ ছাড়া কুতুবজোম ইউপির সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আমলগীরের একটি মানবপাচারসহ তিনটি, আবদুল গফুরের (৭ নম্বর ওয়ার্ড) একটি হত্যাসহ তিনটি, এম এ আজিজের আত্মহত্যার প্ররোচনায় একটি, আবদুর রহিমের একটি হত্যা ও আবুল শামার একটি মারামারি এবং ধলঘাটা ইউপির নুরুল কাদেরের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এসব মামলার প্রতিটিতে তাঁদের অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এদিকে মাতারবাড়ী ইউপির সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আনছারুল করিম, আবদুল মান্নান, ধলঘাট ইউপির নবীর হোছাইন ও জসিম উদ্দিনের একটি করে মারামারি মামলা পুলিশের তদন্তাধীন রয়েছে। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ১৪ প্রার্থীর মধ্যে ১৩ জনের নামে হত্যা, ডাকাতি, অস্ত্র, মানবপাচার ও অপহরণ মামলা থাকলেও তাঁরা জামিনে রয়েছেন। পলাতক রয়েছেন কুতুবজোম ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য আবদুল গফুর। অবশ্য আবদুল গফুর দাবি করেন, তিনি পলাতক নন, সব মামলায় জামিনে আছেন। গতকাল শনিবার তিনি এ কথা জানান।