১৪ বছর পর দক্ষিণ ভূর্ষিতে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে ১৪ বছর পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হচ্ছে। ২৮ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীদের নানামুখী তৎপরতা নির্বাচনের পালে হাওয়া লাগিয়েছে। ভোটারদের মধ্যেও প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে মোট ভোটার ছয় হাজার ৮০০। এর মধ্যে পুরুষ ভোটার তিন হাজার ৪৮৩ ও নারী তিন হাজার ৩১৭ জন। ভোটকেন্দ্রের সংখ্যা নয়টি। পটিয়া সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র পার্থপ্রতিম চৌধুরী ইউপি নির্বাচনে এবার প্রথম ভোট দেবেন। তিনি বলেন, ‘গত ইউপি নির্বাচনের সময় নতুন ভোটার হয়েও ভোট দিতে পারিনি। ফলে খুবই খারাপ লেগেছে। এবার ইউপি নির্বাচনে প্রথম ভোট দিতে যাব।’ ইউনিয়নের বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে মূলত লড়াই হবে আওয়ামী লীগ-সমর্থক দুই প্রার্থীর মধ্যে। এঁরা হলেন: বর্তমান চেয়ারম্যান ও পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সেলিম ও সাবেক চেয়ারম্যান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈয়দ। এ দুই প্রার্থীর জমজমাট প্রচারণা এবার নতুন মাত্রা যোগ করেছে।