পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে পর্যটকদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন অবকাশ যাপনকেন্দ্র (রিসোর্ট) নির্মাণ করে ১৪ বছর আগে। এতে ব্যয় হয় প্রায় এক কোটি টাকা। নাম দেওয়া হয় ‘পতেঙ্গা বে-রিসোর্ট’। কিন্তু ভবনের নির্মাণকাজ শেষ হলেও রিসোর্টটি আর চালু হয়নি। এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন।গত আওয়ামী লীগ সরকারের সময় সেটি আকর্ষণীয় রিসোর্ট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন পতেঙ্গা সমুদ্রসৈকতে ১৫০ একর জায়গা নিয়ে একটি বিশেষ পর্যটন এলাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। তারই অংশ হিসেবে ১৯৯৭ সালের মার্চে ভবনটি নির্মাণ করা হয়। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ উদ্যোগ নিলেও পরবর্তী সময়ে সরকার আর এ কাজের অনুমোদন দেয়নি। ফলে ভবনটি ১০ বছরের মধ্যেই পরিত্যক্ত হয়ে যায়। বিভিন্ন সময় এটি বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য ইজারা চাইলে তাও দেওয়া হয়নি। সিটি করপোরেশনের এস্টেট অফিসার আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘পতেঙ্গা সমুদ্রসৈকতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার যে প্রকল্প আমরা নিয়েছিলাম, তার প্রথম উদ্যোগ হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রকল্পটি আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাস হয়নি। তবে ইতিমধ্যে ভবনটিকে বৈদ্যুতিক সাব-অফিস হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।’ সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনটির ওপর এবং নিচতলা ময়লা-আবর্জনায়ভর্তি। বিভিন্ন কক্ষে আগাছা জন্মেছে। কক্ষের মূল্যবান আসবাব ও অন্যান্য মালামালও নষ্ট হয়ে গেছে। সিটি করপোরেশনের নিয়োগ দেওয়া তিনজন লোক পালা করে জরাজীর্ণ ভবনটি পাহারা দেন। তাঁদের একজন কামাল উদ্দিন বলেন, ‘আমি এক বছর ধরে ভবনটি পাহারা দিচ্ছি। তবে এটি নাকি ১২ থেকে ১৩ বছর ধরে এই অবস্থায় পড়ে আছে।’ তিনি বলেন, এখানে কোনো গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ নেই। পরিত্যক্ত ‘বে-রিসোর্ট’টির ব্যাপারে জানতে চাইলে তৎকালীন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিক আহমদ বলেন, ‘গত আওয়ামী সরকারের আমলে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়। তবে উদ্বোধন পরবর্তী সময়ে প্রশাসনিক জটিলতার কারণে ভবনটিতে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি।’