১৪ মাসেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার আলোচিত মা-ছেলে হত্যা মামলার তদন্ত ১৪ মাসেও শেষ করতে পারেনি পুলিশ। বাদীর অভিযোগ, মামলার আসামিদের সঙ্গে তদন্তকারী পুলিশ কর্মকর্তার সুসম্পর্কের কারণে এই দীর্ঘসূত্রতা। এসব বিষয় উল্লেখ করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক বরাবরে লিখিত আবেদন করেছেন বাদী। চিঠিতে তিনি মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে হস্তান্তরের দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালের ২২ এপ্রিল গভীর রাতে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল গ্রামের কবির হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫) ও ছেলে মো. বাপ্পিকে (২) হত্যা করে দুর্বৃত্তরা পাশের একটি পুকুরে ফেলে দেয়। পরদিন ২৩ এপ্রিল সকালে পুলিশ পুকুর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে। জান্নাতুলের করা নারী নির্যাতন মামলায় ওই সময় কারাগারে ছিলেন তাঁর স্বামী।
লাশ উদ্ধারের দিনই জান্নাতুলের বড় ভাই মো. নোমান বাদী হয়ে কুতুবদিয়ায় থানায় স্থানীয় বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল গ্রামের আনোয়ার হোসেন (২৮), আবুল কাসেম (৩৫), দক্ষিণ অমজাখালী গ্রামের ভেট্টু মাঝি (৩৪) ও আলী আকবর ডেইল ইউনিয়নের সইরগ্যারপাড়ার নন্টুকে (৪০) আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্তু গত ১৪ মাসেও মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করতে পারেনি পুলিশ।
মামলার বাদী মো. নোমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুতুবদিয়া থানার উপপরিদর্শক এ বি এম কামাল উদ্দিন এজাহারভুক্ত আসামি ও তাদের আত্মীয়দের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন এবং মামলা থেকে আসামিদের বাদ দেওয়ার চক্রান্ত করছেন। অন্যদিকে আসামিরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। আসামিরা এলাকায় ঘুরলেও পুলিশ তাদের ধরছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে এসব অভিযোগ সত্য নয় দাবি করে মামলার তদন্ত কর্মকর্তা এ বি এম কামাল উদ্দিন জানান, ঘটনার পর পর হত্যা মামলার দুই নম্বর আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে। তারা ঘটনার পর থেকে এলাকা থেকে আত্মগোপন করেন। এই হত্যা মামলা থেকে অভিযুক্তদের বাদ দেওয়ার সুযোগ নেই।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, চাঞ্চল্যকর মা-ছেলে হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগির এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।