কক্সবাজার-টেকনাফ সড়কে প্রায় ৯০ বছর ঝুঁকিপূর্ণ ১৪টি সেতু ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে নির্মাণকাজ। এ জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৭৩ কোটি টাকা। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ সড়কের ১৩০ কিলোমিটার সড়কের উন্নয়নে বরাদ্দ করা হয়েছে আরও ৫৫ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ প্রকল্প বাস্তবায়ন করছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত রোববার সকালে টেকনাফ গিয়ে সেতু ও সড়ক নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন।
সড়ক ও জনপদ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ইতিমধ্যে টেকনাফ সড়কে কয়েকটি ঝুঁকিপুর্ণ সেতু ভেঙে ফেলা হয়েছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনের পর নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সব সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ বাহিনীর নিরাপত্তা চৌকি এলাকা থেকে উখিয়া বাজার পর্যন্ত তিনটি সেতু ভেঙে ফেলা হয়েছে। গাড়ি চলছে পাশের বিকল্প সেতু দিয়ে। পর্যায়ক্রমে অন্যগুলো ভাঙা হবে বলে জানান সওজ কর্মকর্তারা।
সওজ সূত্র জানায়, টেকনাফ সড়কে ব্রিটিশ আমলে তৈরি ৩০ মিটারের বেশি পাঁচটি সেতু নির্মাণে জাপানি সংস্থা জাইকা প্রায় ৪৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ৩০ মিটারের নিচে অপর নয়টি সেতুর জন্য সরকার বরাদ্দ দেয় আরও ২৬ কোটি টাকা।
তা ছাড়া কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী থেকে টেকনাফ পর্যন্ত ৪২ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য ২৩ কোটি এবং বালুখালী থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার আজিজনগর পর্যন্ত আরও ৮৮ কিলোমিটার সড়কের উন্নয়নে ৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী সাইফুল করিম বলেন, এই স্থলবন্দরে মিয়ানমার থেকে প্রতিমাসে শত কোটি টাকার হিমায়িত মাছ, কাঠ, আদা, মরিচ, রসুনসহ নানা পণ্য আমদানি হচ্ছে। কিন্তু ভাঙা সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতুর কারণে পণ্যবোঝাই ট্রাক প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হয়। সরু সড়কের কারণে যানজটে সময়েরও অপচয় হচ্ছে।