১৫ দিনেও পুরোদমে শ্রেণী কার্যক্রম শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার ১৫ দিন পরও পুরোদমে শ্রেণী কার্যক্রম শুরু হয়নি। তার ওপর শিক্ষার্থীদের ক্যাম্পাসে না আসতে নানা হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম।এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে অনির্ধারিত বন্ধে বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি। তবে ইতিমধ্যে কয়েকটি বিভাগের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। অন্য বিভাগগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগির সময়সূচি ঘোষণা করবে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তাঁরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।এদিকে, সিলগালা করে দেওয়া শাহ আমানত হল নিয়ে গত শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে হলের আবাসিক ছাত্ররা বন্ধুদের মেসে অথবা বাসায় দিন পার করছেন। শাহ আমানত হলের এক ছাত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলা গত ১৮ মার্চ থেকে, অথচ আমাদের হল বন্ধ। থাকা-খাওয়া নিয়ে খুব কষ্টে আছি। ফলে ক্লাস-পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না।’জানা গেছে, ছাত্রশিবির নিহত দুই নেতার হত্যাকারীদের বিচার এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তিসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে ধর্মঘট পালন করে আসছে। ধর্মঘটের সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও শ্রেণীকক্ষে তালা এবং শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছেন শিবিরের নেতা-কর্মীরা। এ ছাড়া ধর্মঘটের সময় সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে না আসতে ছাত্রশিবিরের নামে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের প্রতিদিন ফোন করে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বলেন, ‘ধর্মঘট সফল করার নামে সাধারণ শিক্ষার্থীদের মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিসহ চাপ দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের ওপর নির্যাতনের শামিল।’ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মুহাম্মদ আশিকুল্লাহ এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহজালাল ও শাহ আমানত হলে বৈধ শিক্ষার্থীদের নিজেদের আসনে উঠতে দিচ্ছে না। এ কারণে অনেক শিক্ষার্থী ক্ষুব্ধ। হয়তো তাঁরাই শ্রেণীকক্ষের তালায় সুপার গ্লু এবং মুঠোফোনে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করার অনুরোধ করে থাকতে পারেন।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের উদ্যোগ আছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় সব বিভাগে শ্রেণী কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি প্রতিদিন বাড়ছে।’উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন।এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। টানা ৩৮ দিন বন্ধ থাকার পর গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। এর আগে ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। তবে হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে আবার উত্তেজনা সৃষ্টি হওয়ায় ওইদিন শাহ আমানত হল সিলগালা করে দেয় কর্তৃপক্ষ।