১৫ শহীদের নয়জনই অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের স্বাধীনতাসংগ্রামে আত্মদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারী। অথচ তাঁদের নিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়নি এখনো। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় শিক্ষক হোসাইন কবিরের লেখা ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মুক্তিযুদ্ধের দিনগুলি’ শীর্ষক প্রবন্ধে ছয়জনের ব্যাপারে তথ্যপূর্ণ আলোচনা করা হয়। বাকি নয়জনের ব্যাপারে তেমন কিছু পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের শহীদেরা হলেন—দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক অবনী মোহন দত্ত, বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (চাকসু) সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ছাত্র আবদুর রব, হিসাববিজ্ঞান বিভাগের খন্দকার এহসানুল হক আনসারী, রাজনীতিবিজ্ঞান বিভাগের আবুল মনসুর, ইতিহাস বিভাগের ফরহাদ-উদ-দৌল্লা, বাংলা বিভাগের মোহাম্মদ হোসেন, মনিরুল ইসলাম ও মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের আবদুল মান্নান ও নাজিম উদ্দিন খান, সমাজতত্ত্ব বিভাগের ইফতেখার উদ্দিন মাহমুদ, ইংরেজি বিভাগের আশুতোষ চক্রবর্তী, প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রভাস কুমার বড়ুয়া ও প্রহরী ছৈয়দ আহমদ, প্রকৌশল বিভাগের চেইনম্যান মোহাম্মদ হোসেন।এ প্রসঙ্গে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক হোসাইন কবির বলেন, মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। তাঁদের সম্মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সংবর্ধনার আয়োজন করতে পারে। অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যেতে পারে।খন্দকার এহসানুল হক আনসারী: হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ পর্বের ছাত্র খন্দকার এহসানুল হক আনসারী চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে অংশ নেন মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের ৭ এপ্রিল বোন মুশতারী শফীর শহরের বাসা থেকে তাঁকে এবং তাঁর বোনের স্বামী শফীকে তুলে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী ও স্থানীয় দালালেরা। এরপর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। মোহাম্মদ হোসেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা প্রকৌশল দপ্তরের চেইনম্যান মোহাম্মদ হোসেন। নৌকমান্ডো প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বুকে মাইন নিয়ে একাত্তরের ১৬ মে পাকিস্তানের জাহাজ ধ্বংস করতে কর্ণফুলীতে ঝাঁপিয়ে পড়েন। অভিযান সফল হলেও জীবিত ফিরতে পারেননি মোহাম্মদ হোসেন। ২৪ সেপ্টেম্বর বন্দরের বহির্নোঙর এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। অবনী মোহন দত্ত: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ চালুর স্বপ্ন ছিল অবনী মোহন দত্তের। তিনি চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের শিক্ষক হিসেবে অবসর নেওয়ার পর যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অবনী মোহনের স্বপ্নযাত্রা থেমে যায় ১৯৭১ সালের ৮ মে। সেদিন পাকিস্তানি বাহিনী এক আত্মীয়সহ তাঁকে সেনানিবাসে ডেকে নিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের গোপনে সহযোগিতা করে যাওয়া মানুষটি এরপর আর ফিরে আসেননি।আবদুর রব: প্রশিক্ষণার্থী মুক্তিযোদ্ধাদের রামগড়ে পৌঁছে দেওয়ার পথে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) কাছে শত্রুবাহিনীর অ্যামবুশে পড়ে শহীদ হন তিনি।আবুল মনসুর: আলবদর বাহিনীর নির্মম ও পৈশাচিক নির্যাতনে প্রাণ হারান মুক্তিবাহিনীর সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল মনসুর। ১৯৭১ সালের ২৩ নভেম্বর আবুল মনসুরকে তাঁর নানার বাসা থেকে তুলে নিয়ে যায় আল বদর বাহিনী।ফরহাদ-উদ-দৌল্লা: মৃত্যুর মুখ থেকে একবার সৌভাগ্যক্রমে ফিরে আসেন ইতিহাস বিভাগের ছাত্র ফরহাদ-উদ-দৌল্লা। পরে কক্সবাজার অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার দায়িত্ব নেন তিনি। সেখানকার পাকিস্তানি দালালদের মুখোমুখি সংঘর্ষ হয় ৫ মে। নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় দালালদের হাতে ধরা পড়েন। পরে পাকিস্তানি বাহিনী তাঁকে বাঁকখালী নদীর তীরে গুলি করে হত্যা করে। তাঁর লাশ পাওয়া যায়নি।