১৫০ ফুট দীর্ঘ গ্রহাণু ধেয়ে আসছে
একটি গ্রহাণু আগামী শুক্রবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। ভূপৃষ্ঠ থেকে এই দূরত্ব হবে ১৭ হাজার ৭০০ মাইল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এ খবর জানিয়েছে। একটি ফুটবল মাঠের অর্ধেকের সমান এই গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থাকবে বলে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। তাই আঘাত হানার ভয় নেই। তবে মহাকাশে অবস্থানকারী অধিকাংশ কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) কক্ষপথের কাছেই থাকবে ২০১২ডিএ১৪ নামের এই গ্রহাণুটি। নাসার গবেষণাকেন্দ্র জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ডোনাল্ড ইয়েওমানস বলেন, গ্রহাণুটির সম্ভাব্য গমনপথ স্পষ্ট। এটি পৃথিবীর ১৭ হাজার মাইলের মধ্যে আসবে না। তাই পৃথিবীতে কোনো প্রভাবও ফেলবে না। বিভিন্ন স্যাটেলাইটের কক্ষপথের পাঁচ হাজার মাইলের মধ্য দিয়ে গ্রহাণুটি অতিক্রম করবে। ভারত মহাসাগরের সুমাত্রা দ্বীপের ওপর দিয়ে ভাসমান গ্রহাণুটিকে ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়া অঞ্চল থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে। এটিকে নক্ষত্র বা ছোট্ট আলোকবিন্দুর মতো দেখাবে। গ্রহাণুটির দৈর্ঘ্য ১৫০ ফুট। মহাজাগতিক বিবেচনায় এ দৈর্ঘ্য তেমন বড় নয়। তবে যদি গ্রহাণুটি ভূপৃষ্ঠে আঘাত হানে, তাহলে ২ দশমিক ৪ মেগাটন ওজনের বোমার আঘাতের মতো প্রতিক্রিয়া হবে। এতে বড় কোনো এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। তবে গোটা পৃথিবী তেমন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। এ রকম গ্রহাণু প্রতি ৪০ বছর পর পর পৃথিবীর কাছাকাছি অঞ্চল অতিক্রম করলেও প্রতি এক হাজার ২০০ বছরে মাত্র একবার আঘাত হানে। সেই পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীর বাসিন্দারা নির্ভাবনায় থাকতে পারেন। কারণ, ১০০ বছরেরও কিছু আগে (১৯০৮ সালের ৩০ জুন) পৃথিবীতে একটি গ্রহাণু আঘাত হেনেছিল। এতে সাইবেরিয়ার তুংগুস্কা অরণ্যাঞ্চলের প্রায় ৮০০ বর্গমাইল এলাকা মাটিতে মিশে যায়। ওই আঘাতের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৩ হাজার ৫০০ মাইল। পারমাণবিক বোমার চেয়ে গ্রহাণুর আঘাতের ধরন ভিন্ন। পারমাণবিক বোমা বিস্ফোরণের পর চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু মহাজাগতিক গ্রহাণু একটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। এএফপি ও লাইভসায়েন্স।